র‌্যাবের মহাপরিচালক ও ডিএমপির কমিশনারসহ ৫৩ জন পদক পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার পুলিশ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে র‌্যাব ও পুলিশ বাহিনীর ৫৩ জনকে সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য পুলিশ পদক দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ র‌্যাবের ১৩ জন এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকসহ ডিএমপির ১৩ জন সদস্য রয়েছেন। বাকিরা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত। পুলিশ সপ্তাহে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে ২২ জন এবং ২০০৯ সালে ৩১ জনকে পদক দেওয়া হচ্ছে।পুলিশ সূত্র জানায়, আগামী মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা র্যাব ও পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেবেন।উল্লেখ্য, গত বছর মার্চ মাসে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানের সব রকম প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত জাঁকজমক অনুষ্ঠানটি সাদামাটাভাবে উদ্যাপন করা হয়। প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের এক সভায় পুলিশ সপ্তাহের ঘোষণা করেন। ওই বছর কাউকেই পদক দেওয়া হয়নি।