র্যাবের মামলায় ফাঁসানো সেই যুবকের জামিন
শরীয়তপুরে শামীম সিকদার নামের এক প্রবাসী যুবককে আটক করে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছিল র্যাবের বিরুদ্ধে। সেই যুবককে আজ রোববার শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে জামিন দেওয়া হয়েছে।
শামীমের আইনজীবী পারভেজ রহমান জন বলেন, র্যাবের সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় শামীমকে আটক করে র্যাব-৮-এর সদস্যরা। আটকের পর তাঁকে নির্যাতন করা হয়। পরদিন শুক্রবার সকালে তাঁর কাছ থেকে ইয়াবা ও জাল টাকা পাওয়া গেছে উল্লেখ করে এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে শরীয়তপুর সদরের পালং মডেল থানায় মামলা করেন র্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের উপসহকারী পরিচালক শহীদুল ইসলাম।
আজ রোববার শামীমের পক্ষে আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করেন। শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ হাকিম মনিরুজ্জামান তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত তাঁকে জামিন প্রদান করেন।