র্যাবের মোটরসাইকেল ছিনতাইকালে তিন ছাত্রলীগ ক্যাডার আটক
বরগুনায় র্যাবের সদস্যদের বহনকারী একটি মোটরসাইকেল ছিনতাইকালে তিন ছাত্রলীগ ক্যাডারকে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে শহরের উপকণ্ঠে শীবেরখাল এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব-৮-এর কর্মকর্তারা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে র্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্পের একটি দল গোয়েন্দা কার্যক্রম শেষে তিনটি মোটরসাইকেলে করে পটুয়াখালী ফিরছিল। এ সময় পেছন থেকে অন্য দুটি মোটরসাইকেলে ছয়জন যুবক র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) গোলাম নবী, মোকলেসুর রহমান ও মোল্লা মনি মাহমুদকে বহনকারী মোটরসাইকেলটির সামনে এসে গতিরোধ করে। পরে ওই যুবকেরা মোটরসাইকেল থেকে নেমে ধারালো অস্ত্র বের করে র্যাব সদস্যদের মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। র্যাব সদস্যরা তা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে এলাকার লোকজন ও বাকি র্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে অভিজিৎ তালুকদার (২১), রবিউল ইসলাম মৃধা (১৮) ও রাজু হাওলাদার (১৯) নামে তিন ছিনতাইকারীকে ধরে ফেলে। বাকি তিন যুবক মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের ব্যবহার করা একটি মোটরসাইকেলও আটক করা হয়। বরগুনা থানার পুলিশ কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে র্যাবের উপসহকারী পরিচালক মো. গোলাম নবী বাদী হয়ে আটক তিনজনসহ ছয়জনকে আসামি করে দ্রুতবিচার আইনে মামলা দায়ের করেছেন। আটক অভিজিতের বিরুদ্ধে আগে একটি মোটরসাইকেল চুরি এবং বরগুনা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে দুটি মামলা রয়েছে। অভিজিৎ দীর্ঘদিন ধরে ছাত্রলীগের ছত্রচ্ছায়ায় শহরের মাদক সেবন ও বিক্রি, দখলবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করছেন। জেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন অভিজিতসহ গ্রেপ্তারকৃতরা ছাত্রলীগের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন। তাঁকে ছাত্রলীগের সভা-সমাবেশে দেখা গেছে এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘এ রকম সমর্থকই দলীয় কর্মসূচিতে থাকে, কিন্তু কমিটিতে নেই।’ বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ফকির জানান, আটক তিন যুবক ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সঙ্গী অন্য তিনজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।