র্যাবের লাঠিপেটা প্রতিবাদে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব সদস্যরা গতকাল রোববার সকালে দিনাজপুর পৌরসভার সামনে স্থানীয় দোকানি, রিকশাচালক, পথচারীদের বেধড়ক লাঠিপেটা করেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর প্রতিবাদে স্থানীয় লোকজন শহরের একটি সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে র‌্যাব-১৩-এর সাদা রঙের একটি মাইক্রোবাস দিনাজপুর পৌরসভা মোড় দিয়ে রেলস্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় একটি রিকশা সামনে এসে পড়ে। রিকশাটি রাস্তা ছেড়ে দিতে দেরি করায় র‌্যাবের গাড়ির চালক রিকশাটিকে ধাক্কা দেন। এতে রিকশার একটি চাকা বেঁকে যায়। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে র‌্যাবের গাড়ির চালক নেমে লাঠি দিয়ে ওই রিকশাচালককে পেটান। স্থানীয় কয়েকজন রিকশাচালককে রক্ষা করতে এলে তাঁদেরও মারধর করেন তিনি। একপর্যায়ে সেখানে আরও লোকজন জড়ো হন এবং তাঁরা র‌্যাবের গাড়ির চালককে আটক করেন।
দিনাজপুর রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, এ ঘটনার কিছু সময় পর ২০-২৫ জন র‌্যাব সদস্য এসে গাড়িচালকের দেখিয়ে দেওয়া মতো এলাকার দোকানদার, রিকশা ও ইজিবাইকচালক এমনকি পথচারীদেরও মারধর করেন।
র‌্যাব ১৩-এর দিনাজপুর ক্যাম্প ইনচার্জ মীর মোদ্দাসের হোসেন বলেন, একজন ভ্যানচালক বারবার হর্ন দেওয়ার পরও র‌্যাবের গাড়িকে পথ ছেড়ে না দেওয়ার ঘটনা নিয়ে এর সূত্রপাত হয়েছে। তবে যা ঘটেছে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।