র্যাবের সংস্কার জরুরি: সুরঞ্জিত

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সংস্কার জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় সুরঞ্জিত এ মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার র্যাব বিলুপ্তির দাবির প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘র্যাব বিলুপ্তি করলে সমস্যার সমাধান হয় তাঁর (খালেদা) ভ্রান্ত ধারণা, না হয় রাজনৈতিক প্রতিহিংসাবশত বক্তব্য।
আমি মনে করি, র্যাবের সংস্কার জরুরি। এই সংস্কার আইনগত ও সামাজিক। তাদের জাবাবদিহিমূলক অবস্থানে নিতে হবে। তাতে দেশের কল্যাণ হবে। জবাবদিহি ছাড়া যেকোনো প্রতিষ্ঠান ভয়ংকর হয়ে ওঠে।’
আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত বলেন, ইতিমধ্যে এ বিষয়ে আদালত যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছেন। ওঠারও কারণ আছে। এ নিয়ে কোর্ট একটি আদেশ দিয়েছেন। এটা সুপ্রিম কোর্ট দিয়ে স্থগিত করতে হবে, না হয় পালন করতে হবে।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘এ নিয়ে সত্য উদঘাটন হওয়া রাজনীতির একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এ জন্য সবার সাহায্য প্রয়োজন। এটা আমাদের জাতীয় জীবনের জন্য অপরিহার্য।’
স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ।