র্যাবের সঙ্গে তথ্য বিনিময়ে বৈঠকে বসবে এনআইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে সংঘটিত বোমা বিস্ফোরণ ঘটনার তদন্ত ও নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তৎপরতা নিয়ে তথ্য বিনিময়ে শিগগিরই বৈঠকে বসতে পারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। আগামী সোমবার এই সংস্থার একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে বলেও জানা গেছে।
এদিকে বাংলাদেশে জেএমবি হামলার পরিকল্পনা করছে ও বিষয়টিতে বাংলাদেশকে বিস্তারিত অবগত করেছে ভারত। আর সংগঠনটির হামলার লক্ষবস্তুগুলোর একটি হতে পারে মৈত্রী এক্সপ্রেস। খবর হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া ও জিনিউজের।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের সন্ত্রাস দমনবিষয়ক সংস্থার একজন কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলেছে, ‘বর্ধমান বিস্ফোরণ ও জেএমবির তৎপরতা নিয়ে বাংলাদেশ এবং ভারতের দুটি সরকারি সংস্থার মধ্যে এবারই প্রথম কোনো বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বেনাপোল-পেট্রাপোল তল্লাশি চৌকিতে অনুষ্ঠিত হতে পারে এ বৈঠক।’ বৈঠকের অন্যান্য বিস্তারিত বিষয় নির্ধারণের কাজটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে জিনিউজ বলেছে, আগামী সোমবার (১৭ নভেম্বর) এনআইএর মহাপরিদর্শক (আইজি) এস কে শর্মার নেতৃত্বে সংস্থার একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। সংস্থাটির বরাত দিয়ে খবরে দাবি করা হয়, ভারত থেকে চারটি ব্যাচে ১২০টি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) গেছে বাংলাদেশে।