র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' চরমপন্থী নেতা নিহত
পাবনার ঈশ্বরদীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল হামিদ ওরফে হামেজ (৩২) নামের এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন৷ বন্দুকযুদ্ধে র্যাবের দুই সদস্য গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন৷ গুলিবিদ্ধ র্যাব সদস্যদের বগুড়া সেনানিবাস হাসপাতালে পাঠানো হয়েছে৷
র্যাব-১২ জানিয়েছে, আবদুল হামিদ সর্বহারার সেকেন্ড ইন কমান্ড ছিলেন৷ তিনি পাবনার দাপুনিয়া ইউনিয়নের খুদাইপুর রাখালগাছি গ্রামের মৃত দিলবার খাঁর ছেলে৷ গতকাল দুপুরে তাঁকে আটক করা হয়৷ পরে তাঁর দেওয়া তথ্যমতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী আটকের জন্য র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা ঈশ্বরদীর পাকশীতে অভিযান চালান। বিকেল পাঁচটার দিকে পাকশীর পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকার গাইড ব্যাংক-সংলগ্ন এলাকায় ওত পেতে থাকা আবদুল হামিদের অনুসারীরা র্যাব সদস্যদের ওপর গুলি চালায়৷ বেশ কিছুক্ষণ ধরে চলা ওই বন্দুকযুদ্ধে আবদুল হামিদ নিহত হন৷ র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্য কনস্টেবল রানা হামিদ ও সৈনিক মজিবুর রহমান গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন।
র্যাব ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে৷
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। র্যাবের বরাত দিয়ে ওসি আরও বলেন, আবদুল হামিদ নিষিদ্ধঘোষিত চরমপন্থী দলের আঞ্চলিক নেতা ছিলেন।