র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন গুলিবিদ্ধ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা হলেন উপজেলার রোহিতপুর কাচা গ্রামের আ. হালিম ও মো. ইউনুছ। র্যাবের ভাষ্যমতে, গত মঙ্গলবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একদল যুবক র্যাবকে লক্ষ্য করে গুলি চালালে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব-১০-এর সহকারী পরিচালক মো. নূরে আলম সিদ্দিকী জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে সাদা পোশাকে র্যাবের সদস্যরা উপজেলার কোনাখোলা মোড় এলাকায় টহল দিচ্ছিলেন। সেখানে উপস্থিত পাঁচ-ছয়জন ছিনতাইকারী র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাব সদস্যরাও আত্মরক্ষায় পাল্টা গুলি চালান। একপর্যায়ে ছিনতাইকারীরা পালানোর সময় আ. হালিম (২৮) ও মো. ইউনুছকে (৩০) পায়ে গুলিবিদ্ধ অবস্থায় র্যাব গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়েছে। মিটফোর্ড হাসপাতালে তাঁদের চিকিত্সার পর গতকাল বুধবার সকালে কেরানীগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, খোঁজ নিয়ে জানা গেছে, হালিম ও ইউনুছ স্থানীয়ভাবে বখাটে যুবক হিসেবে পরিচিত। তবে এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই। মঙ্গলবারের বন্দুকযুদ্ধের ঘটনায় মামলা হয়েছে।