র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাভারে একজন নিহত
ঢাকার সাভারে গত শুক্রবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুন্নাফ ওরফে মুন্না (৩৮) নিহত হয়েছেন। এ সময় র্যাবের একজন কর্মকর্তা আহত হন। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি রিভলবার এবং ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মুন্না এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে র্যাব জানায়।র্যাবের ভাষ্যমতে, মুন্না প্রায় ২০ বছর ধরে সাভারে মাদক ব্যবসার পাশাপাশি নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তাঁর বিরুদ্ধে সাভার থানায় অন্তত ২৫টি মামলা রয়েছে। এর মধ্যে ১২টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। র্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর কে এম আরিফুল ইসলাম জানান, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুন্না ও তাঁর কয়েকজন সহযোগী একটি রিকশা ভ্যানে করে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সাভার বাসস্ট্যান্ডের পাশের ছোট বলিমেহের মজিদপুর এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় র্যাব-৪ সাভার ক্যাম্পের একটি টহল দল রিকশা ভ্যান থামানোর চেষ্টা করলে ওই ভ্যান থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র্যাব পাল্টা গুলি চালালে বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে মুন্না ঘটনাস্থলেই মারা যান। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে র্যাব কর্মকর্তা সিদ্দিকুর রহমান (৩০) আহত হন। মুন্নার অন্য সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩০০ বোতল ফেনসিডিল, দুটি গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। পরিবারের বক্তব্য: মুন্নার দ্বিতীয় স্ত্রী তানিয়া বেগম জানান, মাদক ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকায় মুন্না রাজধানীসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। আর তিনি থাকতেন শ্বশুরবাড়ি সাহরাইলে। মাঝেমধ্যে মুন্না তাঁর সঙ্গে দেখা করতেন। গত ২৬ ফেব্রুয়ারি মুন্নার সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয় মুঠোফোনে। পরদিন থেকে মুন্নার মুঠোফোন বন্ধ পান তিনি।