র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুন্দরবনে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর এলাকায় গতকাল বুধবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। নিহত দুজন বনদস্যু বলে দাবি করে র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে ১৪টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।নিহত দুজন হলেন শহীদুল বাহিনীর প্রধান শেখ শহীদুল ইসলাম (৪০) এবং বাকি বিল্লাহ বাহিনীর সদস্য মুজিবর রহমান মোল্লা (৩৮)।র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানীর ভাষ্যমতে, গত সোমবার শেলারচর এলাকায় বনদস্যুদের অবস্থান সম্পর্কে তাঁরা তথ্য পান। এরই ভিত্তিতে বুধবার ভোরে র‌্যাব-৮-এর একটি দল র‌্যাব সদর দপ্তরের একটি দলের সঙ্গে যৌথভাবে হেলিকপ্টার নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। সকাল নয়টার দিকে শেলারচরে সন্দেহভাজন একদল লোককে চ্যালেঞ্জ করলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালালে উভয় পক্ষে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের একপর্যায়ে বনদস্যুরা পিছু হটলে ঘটনাস্থলে দুজনের গুলিবিদ্ধ লাশ ও আগ্নেয়াস্ত্র পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় জেলেরা নিহত ব্যক্তিদের শনাক্ত করেন। শহীদুল বাগেরহাটের রামপাল উপজেলার মৃত দলিল উদ্দিন শেখের ছেলে এবং মুজিবর খুলনা জেলার দাকোপ উপজেলার আবু তালেব মোল্লার ছেলে।র‌্যাব কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে র‌্যাব ১৪টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি পিস্তল, ছয়টি দেশি একনলা বন্দুক, পাঁচটি দেশি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান, পিস্তলের পাঁচটি ও বন্দুকের ২৫টি গুলি এবং ১৫টি গুলির খোসা। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দেড়টার দিকে পুলিশের একটি দল লাশ ও উদ্ধার করা অস্ত্র আনার জন্য সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে।গত ১৮ জানুয়ারি সুন্দরবনের চরাপুটি এলাকায় মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের ওপর বনদস্যুরা হামলা চালায়। এর পরই বনদস্যু দমনে র‌্যাব সুন্দরবনে বিশেষ অভিযান শুরু করে।