র‌্যাবের সব গুপ্তহত্যারই বিচার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, র‌্যাব এখন গুপ্তহত্যায় লিপ্ত হয়েছে। র‌্যাবের এই ভূমিকায় মানুষ এখন তাদের ঘৃণা করছে। তবে সব গুপ্তহত্যারই বিচার করা হবে। জাতীয় প্রেসক্লাবে গতকাল রিটায়ার্ড আর্মড ফোর্সেস সোলজারস অ্যাসোসিয়েশন (রাফসা) আয়োজিত রাজনৈতিক স্থবিরতা, বাক স্বাধীনতা এবং বর্তমান প্রেক্ষাপটে সরকারের অবস্থান শীর্ষক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।মওদুদ বলেন, র‌্যাব বিএনপি গঠন করেছিল। তখন র‌্যাব খুবই জনপ্রিয় ছিল। দেশের তরুণীরাও গিয়ে তাঁদের সমস্যার কথা র‌্যাবকে জানাতেন। কিন্তু এখন পুলিশ ও র‌্যাবের হাতে মৃত্যুর ঘটনা প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। যত দিন যাচ্ছে, ততই সরকারের ব্যর্থতা বাড়ছে। দেশে আবার ১৯৭২ থেকে ’৭৬ সালের অবস্থা হয়েছে। র‌্যাবকে সেই রক্ষী বাহিনীতে পরিণত করা হয়েছে।জামায়াতের শীর্ষস্থানীয় তিন নেতার গ্রেপ্তারের সমালোচনা করে মওদুদ বলেন, জামায়াত নির্বাচন কমিশনের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। শুধু বিরোধী দলে থাকার কারণেই তাদের হয়রানি করা হচ্ছে। জোটকে দুর্বল করতেই এমন অত্যাচার ও নির্যাতন চালানো হচ্ছে। যুদ্ধাপরাধের বিচার, ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়া এবং জামায়াত নেতাদের বিচারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। জনগণ চায় বেকারদের চাকরি, জনগণ চায় পানি, বিদ্যুৎ ও গ্যাস-সমস্যার সমাধান। কিন্তু সরকার জনগণের এই চাওয়া পূরণ করতে ব্যর্থ হয়েছে। সরকারের অবস্থা দেখে মনে হচ্ছে, তাদের সময় শেষ হয়ে গেছে। চট্টগ্রামে জনগণ সরকারকে অনাস্থা জানিয়ে দিয়েছে।মওদুদ বলেন, সরকার ছাত্রলীগ ও যুবলীগকে সামলাতে পারছে না। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতারা যে অত্যাচার-নির্যাতন করছেন, তা বর্ণনা করা যায় না। এ অবস্থায় একটি পথই খোলা আছে, সেটি হচ্ছে আন্দোলন।রাফসার টি এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বিএনপির নেত্রী সামা ওবায়েদ ও রাফসার চেয়ারম্যান শহীদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।আলোচনায় সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপিকে বাদ দিয়ে দেশ ও জাতীর কথা চিন্তা করতে হবে। জনগণকে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। জাতীয় স্বার্থ নিয়ে জনগণকে চিন্তা করতে হবে। ফারাক্কা এখন একটি বড় সমস্যা। এটি নিয়ে রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় স্বার্থে কথা বলা উচিত।