র‌্যাবের সাবেক কর্মকর্তা ও সোর্সের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনো-য়ারা উপজেলার তালসরা দরবার শরিফের টাকা লুটের মামলায় র‌্যাব-৭-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) জুলফিকার আলী মজুমদারসহ সাতজনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা আক্তার এই অভিযোগপত্র গ্রহণ করেন। অভিযোগপত্রভুক্ত বাকি আসামিরা হলেন, র‌্যাব-৭-এর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট (বরখাস্ত) শেখ মাহমুদুল হাসান, উপসহকারী পরিচালক (ডিএডি) আবুল বাশার, এসআই তরুণ কুমার বসু, র‌্যাবের তিন ‘সোর্স’ দিদারুল আলম, মানব বড়ুয়া ও আনোয়ার মিয়া। এর মধ্যে মানব বড়ুয়া ও আনোয়ার মিয়া পলাতক রয়েছেন। চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক অনু মং মারমা প্রথম আলোকে বলেন, পুলিশের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে আদালত আগামী ২৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। পাশাপাশি এই মামলার পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তিনি জানান, আসামি জুলফিকার আলী মজুমদার ও শেখ মাহমুদুল হাসান জামিনে আছেন। বাকিদের মধ্যে তিনজন আসামি এখন কারাগারে আছেন। উল্লেখ্য, আনোয়ারার তালসরা দরবার থেকে গত বছরের ৪ নভেম্বর দুই কোটি সাত হাজার টাকা লুট করে র‌্যাবের একটি দল। এতে নেতৃত্ব দেন র‌্যাব-৭-এর তৎকালীন অধিনায়ক জুলফিকার আলী মজুমদার। এ ঘটনায় গত ১৩ মার্চ তালসরা দরবারের গাড়িচালক ইদ্রিস আলী একটি মামলা করেন।