র্যাবের সাবেক তিন কর্মকর্তা ও নূর হোসেনসহ আসামি ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক সাঈদ মোহাম্মদ,আরিফুর রহমান,এম এম রানা,নূর হোসেন
তারেক সাঈদ মোহাম্মদ,আরিফুর রহমান,এম এম রানা,নূর হোসেন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা দুই মামলায় র‌্যাবের ২৫ জন সদস্যসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এঁদের মধ্যে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফুর রহমান, এম এম রানা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন রয়েছেন। নূর হোসেন ভারতে কারাবন্দী রয়েছেন।
সাত খুনের ঘটনার প্রায় এক বছর পর মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মামুনুর রশিদ মণ্ডল গতকাল বুধবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। ৩৫ আসামির মধ্যে ২২ জন কারাগারে আছেন, অন্যরা পলাতক।
অভিযোগপত্রে বলা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামের সঙ্গে আরেক কাউন্সিলর নূর হোসেনের প্রভাব-প্রতিপত্তিসহ বিভিন্ন বিরোধকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রভাবিত হয়ে অভিযুক্ত র্যাব সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তদন্তে উঠে এসেছে, নজরুলকে অপহরণের ঘটনা দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালককেও অপহরণ করে হত্যা করা হয়।
সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ, আরিফুর রহমান, এম এম রানাসহ র্যাব-১১-এর যে ২৫ জন সদস্যকে অভিযোগপত্রভুক্ত করা হয়েছে, তাঁদের আটজন এখনো পলাতক। বাকি ১০ আসামি হলেন নূর হোসেন ও তাঁর সহযোগীরা। ভারতে কারাবন্দী নূর হোসেনকে সরকার দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গঠনের পর এই প্রথম কোনো মামলায় একসঙ্গে এত র্যাব সদস্য অভিযুক্ত হলেন। র্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা।
অভিযোগপত্র প্রসঙ্গে নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম সাংবাদিকদের জানান, তিনি যাঁদের বিরুদ্ধে মামলা করেছিলেন, তাঁদের পাঁচজনকে অব্যাহতি দিয়েছে পুলিশ। এ ছাড়া পলাতক নূর হোসেনকেও দেশে ফিরিয়ে আনা হয়নি। অভিযোগপত্র পর্যালোচনা করে তিনি আদালতে নারাজি দেবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই মামলায় ১২৭ জনকে সাক্ষী করা হয়েছে। বিভিন্ন ধরনের ১৬২টি আলামত দুটি বস্তায় ভরে আদালতে জমা দেওয়া হয়েছে। গ্রেপ্তার ও এজাহারে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে পুলিশ।
গত বছরের ২৭ এপ্রিল দুপুরে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং ১ মে অপরজনের লাশ পাওয়া যায়। নিহত অপর পাঁচজন হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম। এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা মডেল থানায় নূর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, হাসমত আলী, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন ও ইকবাল হোসেনের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল একই ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একই থানায় আরেকটি মামলা করেন।
ঘটনার পরপরই সিদ্ধিরগঞ্জের বাসিন্দারা ও নারায়ণগঞ্জ বারের আইনজীবীরা ঘটনার জন্য নূর হোসেন ও র্যাব-১১-এর ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে দায়ী করে আন্দোলনে নামেন। এলাকাবাসী কয়েক দফা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। আইনজীবীরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন এবং আদালত বর্জন করেন। নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন, র্যাবকে ছয় কোটি টাকা দিয়ে সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা নূর হোসেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাঁর এই অভিযোগ নিয়ে দেশব্যাপী আলোচনার ঝড় ওঠে। বিষয়টি হাইকোর্টে গড়ালে উচ্চ আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয় র‌্যাবের তিন কর্মকর্তাকে। পরে তাঁদের নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয় এবং চাকরিচ্যুত করা হয়। নূর হোসেন ঘটনার পর ভারতে পালিয়ে যান এবং সেখানে পুলিশের হাতে ধরা পড়েন। তাঁর বিরুদ্ধে সেখানে মামলাও হয়েছে।
সাত খুনের মামলায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৭ সদস্য এবং নূর হোসেনের পাঁচ সহযোগীসহ মোট ২২ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
কারাগারে আটক অভিযোগপত্রভুক্ত অন্যরা হলেন র‌্যাবের এসআই পূর্ণেন্দু বালা, এএসআই বজলুর রহমান ও আবুল কালাম আজাদ, হাবিলদার এমদাদুল হক ও নাসির উদ্দিন, কনস্টেবল শিহাব উদ্দিন, বাবুল হাসান, আরজি ওয়ান আরিফ হোসেন, ল্যান্স নায়েক হীরা মিয়া, বিল্লাল হোসেন, রুহুল আমিন, সিপাহি আবু তৈয়ব, নুরুজ্জামান, আসাদুজ্জামান নূর। নূর হোসেনের ঘনিষ্ঠ পাঁচ সহযোগী হলেন মোর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দীপু, রহম আলী ও আবুল বাশার।
র‌্যাবের মতো বাহিনীর সদস্য কী করে পলাতক থাকেন, জানতে চাইলে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, ‘পুলিশ প্রশাসন যাঁদের তালিকা দিয়েছে, আমরা তাঁদের ধরে দিয়েছি। কারও পলাতক থাকার কথা নয়। তবে অন্য বাহিনীর কাছে কেউ আছে কি না, তা জানা নেই।’
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে এম ফজলুর রহমান জানান, অভিযোগপত্র গ্রহণের ব্যাপারে আগামী ১১ মে শুনানি হবে।
এদিকে নিহত নজরুল ইসলামের স্ত্রী ও মামলার বাদী সেলিনা অভিযোগপত্র দাখিলের খবর পেয়ে আদালতে যান। তিনি কাউন্সিলর নজরুলসহ পাঁচজনকে অপহরণের পর হত্যার ঘটনায় তাঁর করা মামলার এজাহারভুক্ত ছয় আসামির মধ্যে নূর হোসেন ছাড়া বাকি পাঁচজনকে অব্যাহতি দেওয়ায় ক্ষোভ জানান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মামলার বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা অভিযোগপত্রের অনুলিপি সংগ্রহ করে পর্যালোচনা করে বাদীর মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’
অভিযোগপত্র দেওয়ার পর সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, আলোচিত সাত খুনের মামলা তদন্তের জন্য ১১ মাস খুব বেশি সময় নয়। তবে নিরপেক্ষতা, স্বচ্ছতা, পেশাদারি ও ত্রুটিমুক্তভাবে অভিযোগ প্রমাণের চেষ্টা করা হয়েছে। দোষী কাউকে বাদও দেওয়া হয়নি। আবার অহেতুক কাউকে জড়ানোও হয়নি। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সবকিছু করা হয়েছে। তিনি বলেন, অভিযোগপত্রে ৩৫ জনের মধ্যে ২২ জনকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। ১৩ জন পলাতক রয়েছেন।
কেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, নজরুলের সঙ্গে নূর হোসেনের প্রভাব-প্রতিপত্তিসহ বিভিন্ন কারণে দ্বন্দ্ব ছিল। এর জের ধরে আর্থিক লেনদেনের মাধ্যমে অভিযুক্ত র্যাব সদস্যদের দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ছয় কোটি টাকা চুক্তির ভিত্তিতে খুনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, টাকা লেনদেন হয়েছে। তবে টাকার পরিমাণ কত, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।