র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
পৃথক দুটি হত্যা মামলার শুনানি শেষে গতকাল বুধবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান।
এর আগে গত ৩০ জুন আদালতের দেওয়া নির্দেশ অনুযায়ী ওই ব্যক্তিদের আদালতে আনা হয়েছিল।
এদিকে আইনজীবীরা আদালতপাড়া এলাকায় সাত খুনের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা মডেল থানায় কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন। অন্যদিকে আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল হত্যার ঘটনায় একই থানায় পৃথক মামলা করেন। এই ঘটনায় এর আগে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ছাড়া র‌্যাব-১১-এর ছয় সদস্য অপহরণ ও খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবিন্দ দিয়েছেন।