র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত খুনের ঘটনায় র৵াব-১১-এর সাবেক তিন কর্মকর্তাকে গতকাল সোমবার একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ জেলা পুলিশ লাইনে এই জিজ্ঞাসাবাদে তিনজনই ওই ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন৷
এদিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি তদন্ত প্রভাবিত হচ্ছে অভিযোগ করে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পদত্যাগ দাবি করেছেন৷ ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া র৵াব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মাদ ত্রাণমন্ত্রীর জামাতা৷
পুলিশের সূত্র জানায়, রিমান্ডে থাকা র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব.) এম এম রানাকে গতকাল একসঙ্গে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও গোয়েন্দা বিভাগের (ডিবি) কর্মকর্তারা৷ তারেক ও আরিফকে গতকাল দ্বিতীয় দিনের মতো এবং রানাকে প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়৷ প্রথম দুজন পাঁচ দিনের এবং রানা সাত দিনের রিমান্ডে রয়েছেন৷
একজন তদন্তকারী কর্মকর্তা বলেছেন, এই তিনজন বেশির ভাগ প্রশ্নের উত্তর দিচ্ছেন না৷ তাঁরা কেবল একটি কথাই বলেছেন, ওই ঘটনার সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই৷ বেশ কিছু সুনির্দিষ্ট তথ্যের আলোকে প্রশ্ন করা হলে তাঁরা নিশ্চুপ থেকেছেন৷ জিজ্ঞাসাবাদের সময় তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করানো হচ্ছে৷
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন গতকাল সাংবাদিকদের বলেন, মামলাটি নির্ভুল, আন্তরিকতা ও পেশাদারি নিয়ে তদন্ত করা হচ্ছে৷ আসামিদের স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসক দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আদালত আমাদের যেভাবে আসামি দেন, জিজ্ঞাসাবাদ শেষে সেভাবে আসামিদের আদালতে হাজির করতে হয়৷ তাই রিমান্ডে থাকা র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে চিকিৎসক দিয়ে নিয়মিত চিকিৎসা দেওয়া হবে৷’
মামলার তদন্তের অগ্রগতি এবং আসামিদের জিজ্ঞাসাবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি পুলিশ সুপার৷
জেলার সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী সাংবাদিকদের বলেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পুলিশ সুপারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুজন চিকিৎসক দেওয়া হয়েছে৷ রিমান্ডের আসামিদের চিকিৎসক দেওয়ার বিধান নেই৷ বিষয়টি পুলিশ প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে৷ লিখিতভাবেও জানানো হবে৷
ত্রাণমন্ত্রীর পদত্যাগ দাবি: সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনসহ সব আসামিকে গ্রেপ্তার এবং র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির মাধ্যমে জিজ্ঞাসাবাদের দাবিতে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আদালত বর্জন করেন আইনজীবীরা৷ বেলা একটার দিকে আদালতপাড়ায় আইনজীবীরা মানববন্ধন করেন৷
মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, মন্ত্রীর জামাতা হওয়ায় রিমান্ডে নিয়ে তারেক সাঈদসহ তিনজনকে জামাই আদরে রাখা হয়েছে৷ আদালতের অনুমতি ছাড়া তাঁদের জন্য বেআইনিভাবে দুজন চিকিৎসক দেওয়া হয়েছে৷ মানববন্ধনে বক্তারা তদন্ত প্রভাবিত হওয়ার অভিযোগ করে ত্রাণমন্ত্রীর পদত্যাগ দাবি করেন৷
মানববন্ধনে আরও বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়াজেদ আলী, আবদুল বারী প্রমুখ৷
ত্বকী মঞ্চের নেতাদের সঙ্গে পুলিশ সুপারের বৈঠক: দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের সঙ্গে তাঁর কার্যালয়ে নারায়ণগঞ্জের সন্ত্রাস, অপতৎপরতা ও অসামাজিক বিষয় নিয়ে মতবিনিময় করেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের নেতারা৷ মতবিনিময় শেষে বেরিয়ে ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে৷ গুম, খুন বেড়েছে৷ বিভিন্ন স্থানে নতুন করে টর্চার সেল তৈরি হচ্ছে৷ নতুন পুলিশ প্রশাসন সত্যিই যদি আন্তরিক হয়, তাহলে নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, গুম, খুন বন্ধ করা সম্ভব হবে৷ মতবিনিময়কালে পুলিশ সুপার এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন৷
এ সময় রফিউর রাব্বির সঙ্গে ছিলেন সংগঠনের সদস্যসচিব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা প্রমুখ৷