আদালতে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় গ্রেপ্তার হওয়া র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৪ আসামিকে আদালতে হাজির করা হয়েছে। মামলার নিয়মিত হাজিরার অংশ হিসেবে আজ সোমবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালতে তাঁদের হাজির করা হয়।

হাজিরায় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বাদীপক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান আদালতকে দুটি ব্যাপারে অবহিত করেন। প্রথমত, সাত মাস হয়ে গেলেও এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেনি পুলিশ। দ্বিতীয়ত, ২৪ আসামির মধ্যে র‌্যাবের তিন সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাকে এবং তাঁদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অপর কয়েক আসামিকে আদালতে হাজির করার সময় হাতকড়া লাগানো হয়নি। বাকি আসামিদের হাতকড়া পরানো হয়েছে। এতে আসামিদের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছে। সাখাওয়াত হোসেন এ দুটি ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করে নির্দেশনা চান।

এ দুটি বিষয়ে আদালত আগামী ২২ জানুয়ারি মামলার পরবর্তী কার্যক্রমের দিনে নির্দেশনা দেওয়ার আদেশ দিয়েছেন। হাজিরা শেষে আসামিদের নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং ১ মে আরেকজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কাউন্সিলর নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণের পর হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন। আইনজীবী চন্দন সরকার এবং তাঁর গাড়ির চালক ইব্রাহিম অপহরণ ও হত্যার ঘটনায় তাঁর জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একই থানায় পৃথক একটি মামলা করেন।

সাত খুনের ঘটনায় এ পর্যন্ত ১১ জন র‌্যাব সদস্যসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে ১০ জন র‌্যাব সদস্যসহ ১৩ জন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।