নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের যুবলীগের নেতা ব্যবসায়ী ইসমাইল হোসেনকে অপহরণ করে হত্যা ও লাশ গুমের ঘটনায় র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা, কাউন্সিলর নূর হোসেন, তাঁর শ্যালক ছাত্রলীগের নেতা নুরে আলম খানসহ ১৫ জন আসামি জড়িত কি না, তা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
ইসমাইলের ভাই আবদুল মান্নানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালত জেলা গোয়েন্দা পুলিশকে এই আদেশ দেন। একই সঙ্গে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও আদেশ দেওয়া হয়।
মামলার আসামি ওই তিন র্যাব কর্মকর্তা হলেন: র্যাব-১১-এর সাবেক অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ এবং দুই সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় এই তিনজন বর্তমানে কারাগারে আছেন। আর সাত খুন মামলার প্রধান আসামি ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর নূর হোসেন আছেন কলকাতার কারাগারে।
ইসমাইলকে অপহরণ করার অভিযোগে আবদুল মান্নান সিদ্ধিরগঞ্জ থানায় গত ৯ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেছিলেন। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। পরে ১৪ অক্টোবর আসামিদের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে গ্রেপ্তারের দাবিতে আদালতে আবেদন দাখিল করেন তিনি। এই আবেদনের ওপর তিন দিনের শুনানি শেষে গতকাল আদালত ওই আদেশ দেন। আবেদনে উল্লেখিত পাঁচজনসহ মোট ১৫ আসামির নাম যুক্ত করা হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, আদালত ইসমাইলকে অপহরণ ও হত্যার অভিযোগ তদন্তে আসামিদের সংশ্লিষ্টতা পাওয়া সাপেক্ষে তাঁদের গ্রেপ্তার করতে জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন। কাউন্সিলর নূর হোসেনসহ ব্যবসায়িক প্রতিপক্ষের লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের আর্থিক সুবিধার বিনিময়ে ইসমাইলকে অপহরণ ও খুন করা হয় বলে বাদী অভিযোগ করেছেন।
আবেদনে বাদী অভিযোগ করেন, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইসমাইলকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকা থেকে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান র্যাবের ওই তিন কর্মকর্তাসহ অন্য আসামিরা। ১৯ ফেব্রুয়ারি র্যাবের একজন সোর্স (তথ্যদাতা) ইসমাইলের লেখা একটি চিরকুট তাঁর কাছে (আবদুল মান্নান) পৌঁছে দেন। চিরকুট অনুযায়ী তিনি র্যাব-১১-এর কার্যালয়ে গেলে আসামি র্যাব কর্মকর্তারা তাঁকে জানান, ইসমাইলকে জীবিত পেতে দুই কোটি টাকা দিতে হবে। ইসমাইলের প্রতিপক্ষের কাছ থেকে তাঁরা দেড় কোটি নিয়েছেন। দুই কোটি পেলে ওই টাকা ফেরত দিয়ে ইসমাইলকে ছেড়ে দেওয়া হবে।
আবেদনে আরও অভিযোগ করা হয়, ছাড়া পাওয়ার পর ইসমাইল যেন আর কোনো দিন তাঁর ব্যবসায়িক প্রতিপক্ষ নূর হোসেন, তাঁর শ্যালক নুরে আলম খান, আজিজুর রহমান, আনোয়ার হোসেন, শরীফ হোসেন, কাদির, আবুল হোসেন, শামীম, মনির, নাজমুল, ফকিরা, আজিমের সঙ্গে বিরোধে না জড়ান সে বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। পরে ভাইকে জীবিত ফিরে পাওয়ার আশায় বহু কষ্টে এক কোটি টাকা সংগ্রহ করে মান্নান র্যাব-১১-এর কার্যালয়ে একাধিকবার ধরনা দিলেও র্যাব কর্মকর্তারা সাড়া দেননি। পরবর্তী সময়ে সাত খুনের ঘটনার পর কলকাতা থেকে পলাতক নূর হোসেনের পাঠানো একটি চিঠির সূত্রে জানা যায়, ইসমাইলকে অপহরণের পর খুন করে লাশ গুম করা হয়েছে।
আদালতে দাখিল করা আবেদনে ১৬ জন সাক্ষীর নাম, ওই চিরকুট ও ইসমাইলকে অপহরণ করা-সংক্রান্ত গণমাধ্যমের প্রকাশিত খবরের কপি দাখিল করেন বাদী। ইসমাইলকে অপহরণ করা নিয়ে মে মাসে প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়েছে।