র্যাবের হাত থেকে পালিয়েছেন যুবলীগ নেতাসহ দুজন
ফরিদপুরে র্যাবের হাত থেকে পালিয়েছেন যুবলীগের এক নেতা ও তাঁর এক আত্মীয়। তাঁরা মাদক ব্যবসায় জড়িত বলে অভিযোগ রয়েছে।
গতকাল বুধবার বেলা তিনটার দিকে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কসংলগ্ন ঝাটুকদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, র্যাবের চার সদস্য ইয়াবার ক্রেতা সেজে সাদাপোশাকে ওই বাজারে যান।
তাঁরা কাইচাইল ইউনিয়নের যুবলীগের সভাপতি আশরাফ মাতব্বরের (৩৫) কাছ থেকে ১০০টি ইয়াবা বড়ি কিনতে চান।
একপর্যায়ে আশরাফ ১০০টি ইয়াবা নিয়ে র্যাব সদস্যদের কাছে এলে তাঁরা তাঁকে জাপটে ধরেন। এ সময় আশরাফ র্যাব সদস্যদের ঘুষি মেরে পালিয়ে যান।
পরে র্যাব সদস্যরা আশরাফের মালিকানাধীন মেসার্স আল আমিন এন্টাপ্রাইজ নামের সারের দোকান থেকে আরও ১০৩টি ইয়াবা জব্দ করেন।
এ সময় ওই দোকান থেকে আশরাফের ভাতিজা সরোয়ার হোসেনের ছেলে সাব্বিরকে আটক করেন। সাব্বিরকে গাড়িতে তোলার সময় তিনি হাতকড়াসহ গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
এ ব্যাপারে র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর মোজাম্মেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নগরকান্দা থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।