র্যাবের হাতে আটক দুই 'জিনের বাদশা' নামধারী প্রতারক
মুঠোফোনে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে বিভিন্নভাবে নিরীহ মানুষের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত শুক্রবার রাজধানী ও গাইবান্ধা থেকে আবু মিয়া (২২) ও মিলন মিয়া (২৪) নামের ওই দুই ব্যক্তিকে আটক করা হয় বলে র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক দুজনের কাছ থেকে দুটি নকল ‘স্বর্ণের মূর্তি’ও উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সম্প্রতি কল্পনা আক্তার নামের এক নারী র্যাব-২-এ অভিযোগ করেন, মুঠোফোনে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে সম্প্রতি বিকাশের মাধ্যমে কয়েকজন লোক তাঁর কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ওই লোকেরা আবারও তাঁর কাছে ১০ লাখ টাকা দাবি করছে।
এ অভিযোগ পাওয়ার পর র্যাব রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে আবুকে আটক করে। আবুর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর আপন ভাই মিলনকে র্যাব-১১-এর সহযোগিতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের গোঁসাইপুর থেকে আটক করা হয়।
আটক দুজন র্যাবকে জানান, তাঁরা বিভিন্ন অপরিচিত মুঠোফোন নম্বরে ফোন করে ‘জিনের বাদশা’ হিসেবে পরিচয় দিতেন। তারপর মুঠোফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে টাকা, স্বর্ণের মূর্তি পাওয়াসহ ধন-সম্পদের মালিক বনে যাওয়ার সম্ভাবনার কথা বলতেন। বিনিময়ে বিকাশ অথবা কুরিয়ার সার্ভিসে লাখ লাখ টাকা পাঠাতে বলতেন। না পাঠালে এবং এ ব্যাপারে কারও সঙ্গে আলাপ করলে বড় ধরনের ক্ষতি হবে বলে সতর্ক করে দিতেন।
জিজ্ঞাসাবাদে আটক দুজন আরও জানান, তাঁদের দলনেতা মো. আজমল আগে ‘পুতুলের ব্যবসা’ করতেন। পিতলের পুতুল সোনার তৈরি বলে নিরীহ মানুষকে প্রতারণায় ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। দুই বছর ধরে তাঁরা ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে প্রতারণা শুরু করেন। তাঁদের চক্রের প্রত্যেকের ৫০টির বেশি মুঠোফোনের সিম থাকে। অপরিচিত কোনো নম্বরে ফোন করে কৌশলে ওই ব্যক্তির নাম ও অবস্থান জেনে নিয়ে রাতে অন্য নম্বর দিয়ে ওই নম্বরে ফোন করে ফাঁদ পাততেন।