র্যাবের হাতে আটক ব্যক্তিরা আদালতে জবানবন্দি দেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডে ঢাকায় র‌্যাবের হাতে আটক ব্যক্তিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

আজ মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁদের জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে রাখা হয়। কিন্তু তাঁরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি না হওয়ায় আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আটক ব্যক্তিরা ঢাকায় র‌্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে ওই হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন।

র‌্যাবের হাতে আটক ব্যক্তিরা হলেন, যুবদল নেতা আরিফুল ইসলাম মানিক, যুবদল কর্মী আবদুস সামাদ, সিরাজুল ইসলাম, সবুজ, মামুন ও টোকাই বাবু। এঁদের মধ্যে টোকাই বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি না হওয়ায় তাঁকে আদালতে হাজির করা হয়নি। বাকি পাঁচজনকে আদালতে হাজির করা হয়েছিল। এ ছাড়া বগুড়া থেকে পুলিশের হাতে আটক চাপাতি বিক্রেতা অমল কুমার কর্মকারকেও আদালতে হাজির করা হয়। রাজশাহী মহানগর মূখ্য হাকিমের পৃথক তিনটি আদালতের বিচারকের খাস কামরায় তাঁদের নেওয়া হয়।

এর আগে আজ বিকেলে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন প্রথম আলোকে বলেন, ঢাকায় আটক আসামিরা রাজশাহীতে আটক যে তিনজনের নাম বলেছিল, তাঁদের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে আসামিদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেওয়ার ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

অন্যদিকে শফিউল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশের হাতে গ্রেপ্তার আরিফুল ইসলাম, সাগর ও জিন্নাত আলীকে দ্বিতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে তৃতীয় দফায় আরও সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। তবে রিমান্ড শুনানি না হওয়ায় তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গত ১৫ নভেম্বর দুপুরে নগরের চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তরা শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে।