র‌্যাবের হাতে গ্রেপ্তার যুবককে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা বলা হলেও শেষ পর্যন্ত মুজাহিদুল ইসলাম ওরফে সোহেলকে (২৮) ব্যাংকের চেক প্রত্যাখ্যান হওয়া সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে র‌্যাব। আর এ মামলায় গতকাল বুধবার তাঁকে জামিন দিয়েছেন ঢাকা মহানগর আদালত। মুজাহিদুলের পরিবারের অভিযোগ, র‌্যাব হেফাজতে তাঁকে নির্যাতন করা হয়েছে।ঢাকার র‌্যাব-১-এর একটি দল গত সোমবার গভীর রাতে নোয়াখালী শহরের সোনাপুরের পশ্চিম বদরিপুর এলাকা থেকে মুজাহিদুলকে ধরে নিয়ে যায়। এ বিষয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১-এর অধিনায়ক রাশিদুল হাসান প্রথম আলোকে বলেন, মানি লন্ডারিং আইনে আদালতে দায়ের একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা বলে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।মুজাহিদুলের বড় ভাই খাজা কাশেমের অভিযোগ, র‌্যাব হেফাজতে থাকা অবস্থায় মুজাহিদুলের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। তাঁর ডান হাত বেশ ফোলা, রশি দিয়ে বাঁধার দাগও রয়েছে। স্বজনেরা জানান, সোহেলের খোঁজ জানার জন্য মঙ্গলবার বিকেল পর্যন্ত তাঁর আত্মীয়স্বজন র‌্যাবের সদর দপ্তরে গিয়ে বারবার ধরনা দিয়েও কোনো তথ্য পাননি। পরে রাতে তাঁকে উত্তরা থানায় সোপর্দ করা হলে স্বজনেরা থানায় যান।উত্তরা থানা পুলিশ গতকাল সকালে মুজাহিদুলকে আদালতে পাঠায়।মুজাহিদুলের বড় বোন বিবি আয়শা প্রথম আলোকে বলেন, তাঁর বাসায় থেকে মুজাহিদুল নোয়াখালী সরকারি কলেজে পড়ালেখা করেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং একটি বেসরকারি সংস্থায় খণ্ডকালীন চাকরি করেন। সোমবার রাত ১২টায় মুজাহিদুলের মুঠোফোনে দুটি নম্বর থেকে কল আসে। অপর প্রান্ত থেকে মুজাহিদুলের অবস্থান জানতে চাইলে তিনি বোনের বাসায় আছেন বলে জানান।আয়শা জানান, রাত সোয়া একটার দিকে বাসার সামনে একটি গাড়ি থামার শব্দ পান। এরপর বাইরে থেকে দরজা খোলার জন্য ডাকাডাকি করতে হতে থাকলে তাঁরা প্রথমে ডাকাত ভেবে দরজা খুলতে রাজি হননি। পরে নিজেদের র‌্যাব সদস্য বলে পরিচয় বাইরে থেকে তাঁরা বেশ জোরে দরজায় লাথি দিতে থাকলে তিনি দরজা খুলে দেন। তিনি অভিযোগ, দরজা খোলামাত্রই সাত-আটজন র‌্যাব সদস্য ঘরে ঢুকে মুজাহিদুলকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলেন। র‌্যাব সদস্যরা বলতে থাকেন, মুজাহিদুল সন্ত্রাস-চাঁদাবাজির সঙ্গে জড়িত।তবে নোয়াখালীর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, মুজাহিদুলের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা জিডি নেই। র‌্যাব কী কারণে ধরেছে, তা তিনি জানেন না।র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের উপসহকারী পরিচালক আশিকুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় জানান, ওই অভিযানের বিষয়ে তাঁরা কিছুই জানেন না।