টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপাড়া গ্রামে তিন মেয়েসহ এক মাকে পুড়িয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল রোববার গাজীপুরের কালিয়াকৈরের বড়ইবাড়ী থেকে তাঁকে আটক করা হয়।
আটক যুবক হলেন কালিয়াকৈর উপজেলার বারবাড়িয়া এলাকার আবদুল বারেকের ছেলে মো. স্বপন মিয়া (২২)।
র্যাব-১২ ও আটক যুবকের পরিবার সূত্রে জানা গেছে, ওই হত্যাকাণ্ডে দায়ের করা মামলার মূল আসামি জাহাঙ্গীর আলমের আত্মীয় স্বপন মিয়া। ঘটনার পর গ্রেপ্তারের ভয়ে জাহাঙ্গীরের পরিবারের অন্য সদস্যদের মতোই আত্মগোপন করেন স্বপন। পালিয়ে গিয়ে ওঠেন কালিয়াকৈরে ফুফুর বাড়িতে। মামলার এজাহারভুক্ত আসামিদের সঙ্গে স্বপনের মুঠোফোনে কথোপকথন হয়েছে, এমন অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল গতকাল বিকেল সাড়ে চারটার দিকে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে স্বপনকে আটক করে।
এ ব্যপারে জানতে র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার শরীফুল আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে জানান, ওই যুবককে র্যাব সদস্যরা ধরে নিয়ে গেলেও তাঁদের এ বিষয়ে কিছু জানানো হয়নি।
দুজনের রিমান্ড মঞ্জুর: হত্যায় জড়িত থাকার সন্দেহে এর আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে জাহাঙ্গীর আলমের বন্ধু সুশান্ত কুমার রায়কে গতকাল টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (ঙ অঞ্চল) লুনা ফেরদৌস দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সুশান্ত মূল সন্দেহভাজন জাহাঙ্গীরের বন্ধু।
এ ছাড়া গ্রেপ্তার জাহাঙ্গীরের চাচা বদর উদ্দিনের বিরুদ্ধেও একই আদালত গতকাল দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি এজাহারভুক্ত ১০ আসামির একজন। সুশান্ত ও বদর উদ্দিন—এই দুজনকেই সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ।
মনিরার স্কুলে মানববন্ধন: মির্জাপুরের গোড়াই উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল তাদের সহপাঠী মনিরা আক্তারের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে। ঈদের ছুটি শেষে এ দিনই বিদ্যালয়টি খোলে। কিন্তু কারও মুখেই ছিল না ঈদ উদ্যাপনের হাসি।
প্রথম দিন ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীরা হাতে হাত রেখে রাস্তার দাঁড়িয়ে ওই মানববন্ধন করে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, পরিচালনা পরিষদের সদস্য ছাড়াও এলাকাবাসী। মনিরা বিদ্যালয়টির নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মনিরাকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত সোমবার রাতে তার মা ও দুই বোনসহ তাকে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় পেট্রলের আগুনে পুড়িয়ে হত্যা করে এক বখাটে ও তার সহযোগীরা। অভিযোগ, জাহাঙ্গীরই সহযোগীদের নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।