র‌্যাবের হেফাজতে ছাত্রলীগ নেতাকে নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়বকে (৩০) র‌্যাবের হেফাজতে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফেরদৌস আহম্মেদ জানান, গত মঙ্গলবার রাতে র‌্যাব-১২-এর সদস্যরা আবু তৈয়বকে দুই কেজি গাঁজাসহ থানায় সোপর্দ করেন। থানায় আবু তৈয়বের শারীরিক অবস্থা খারাপ দেখে তাঁকে দ্রুত কুমারখালী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে নেওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।ওসি জানান, র‌্যাবের সার্জেন্ট আবদুল জলিল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আবু তৈয়বের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। মামলার বিবরণ অনুযায়ী, মঙ্গলবার বিকেলে কুমারখালী শহর থেকে দুই কেজি গাঁজাসহ আবু তৈয়বকে আটক করা হয়।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (খোকসা-কুমারখালী সার্কেল) সি এ হালিম জানান, কুমারখালী থানায় আবু তৈয়ব একাধিকবার বমি করেন। এ জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা ছাড়পত্র দিলে তাঁকে আদালতে পাঠানো হবে।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাজী নাজমুল হক জানান, আবু তৈয়বের হাত-পা ও ঊরুর মাঝে শক্ত কিছু দিয়ে জোরে আঘাত করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধেছে। কালশিটে দাগ পড়েছে তাঁর শরীরে।হাসপাতালে চিকিৎসাধীন আবু তৈয়ব সাংবাদিকদের বলেন, ‘বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত র‌্যাবের ক্যাম্পে দুই হাত বেঁধে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আমার ওপর নির্যাতন চালানো হয়। গাঁজাসহ আমাকে আটকের বিষয়টি সাজানো।’আবু তৈয়বের বাবা রওশন জালাল জানান, তাঁর ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে কুষ্টিয়া র‌্যাবের মেজর আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, কাউকে নির্যাতনের এখতিয়ার র‌্যাবের নেই। এটা করতে নিষেধ আছে।