র্যাবের ৩ কর্মকর্তা গ্রেপ্তারে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়িত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহে চাকরি হারানো র‌্যাবের তিন কর্মকর্তা গ্রেপ্তারে হাইকোর্টের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। এর মধ্যেই প্রক্রিয়া শুরু
হয়েছে। এ ঘটনায় সরকার উদাসীনও নয়, নীরবও নয়।
ঘটনার পুনরাবৃত্তি রোধে যা করা দরকার, সরকার সব উদ্যোগই গ্রহণ করছে।
গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে নির্মাণাধীন চারটি সেতুর কাজের অগ্রগতি দেখতে এসে সবাংবাদিকদের কাছে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন৷
রাজনৈতিক প্রতিপক্ষকে ইঙ্গিত করে যোগাযোগমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ ইস্যুতে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মহলের মনে রাখা দরকার, এই বিষয়ে সরকার সিরিয়াস। শুধু তাই নয়, সত্য উদ্ঘাটনেও দৃঢ়প্রতিজ্ঞ।
পরে যোগাযোগমন্ত্রী ভৈরব-মেন্দিপুর সড়কের নির্মাণকাজ দেখতে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথের ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক মনিরুল ইসলাম, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক শাহাব উদ্দিন, নরসিংদীর নির্বাহী প্রকৌশলী সালমা বেগম, কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম ও সেতুর প্রকল্প পরিচালক দলিল উদ্দিন প্রমুখ৷ যোগাযোগমন্ত্রী বিকেলে মৌলভীবাজারে যান৷ আজ বুধবার তাঁর সিলেট যাওয়ার কথা৷