নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আজ সোমবার র্যাবের হাবিলদার এমদাদুল হক, ল্যান্স নায়েক হীরা মিয়া ও সিপাহি তৈয়ব আলীকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুল ইসলাম হাবিব বলেন, বেলা তিনটায় তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ শুরু করে।
এর আগে র্যাবের এই তিন সদস্য নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
হাইকোর্টের নির্দেশে গত ৬ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর কমিটি ১২ মে থেকে কয়েক দফায় নারায়ণগঞ্জ সার্কিট হাউসে ও সিদ্ধিরগঞ্জ বিদ্যুেকন্দ্রে রেস্ট হাউসে গণশুনানি করে। এ ছাড়া কমিটি ওই সাতজনের লাশ উদ্ধারের স্থান, নারায়ণগঞ্জ র্যাব-১১-এর ব্যাটালিয়ন সদর দপ্তর ও ক্যাম্প অফিস পরিদর্শন করে।