র্যাবের ৩ সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাতজনকে হত্যার ঘটনায় র‌্যাবের গ্রেপ্তার হওয়া পাঁচ সদস্যের তিনজন গতকাল শনিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং হত্যাকাণ্ডের বর্ণনা দেন। এদিকে শিহাবউদ্দিন নামে র‌্যাবের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গতকাল দুপুরে নারায়ণগঞ্জের তিন জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে র‌্যাবের তিন সদস্য আলাদাভাবে জবানবন্দি দেন। এই তিনজন হলেন হাবিলদার মো. এমদাদুল হক, ল্যান্স নায়েক হিরা মিয়া ও সিপাহি তৈয়ব আলী। জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে এমদাদুল হক, কে এম মহিউদ্দিনের আদালতে হিরা মিয়া এবং মনোয়ারা বেগমের আদালতে আবু তৈয়বের জবানবন্দি রেকর্ড করা হয়।
গত ২৭ আগস্ট র‌্যাবের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাউন্সিলর নজরুলসহ পাঁচজনকে হত্যা মামলায় আট দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের দ্বিতীয় দিন র‌্যাবের তিন সদস্য আদালতে জবানবন্দি দিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম ফজলুর রহমান বলেন, র‌্যাবের তিন সদস্য হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। এতে তাঁরা বলেন, ঊর্ধ্বতন তিন কর্মকর্তার নির্দেশে বাধ্য হয়ে তাঁরা এই হত্যাকাণ্ডে জড়িয়েছেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি, মামলার প্রধান আসামি নূর হোসেনকে শিগগিরই দেশে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।’
জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানান, ‘ইতিমধ্যে আদালতে ১৭ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে পাঁচজন স্বীকারোক্তিমূলক এবং ১২ জন সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। আমরা দ্রুত আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করব।’
এদিকে র‌্যাব-১১-এর কনস্টেবল শিহাবউদ্দিনকে গ্রেপ্তার করে গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। তাঁকে কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।