র‌্যাবের ৪০০ সদস্য এ পর্যন্ত চাকরিচ্যুত হয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা অভিযোগে বিভিন্ন সময়ে র‌্যাবের প্রায় ৪০০ সদস্যকে সরাসরি চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমান। র‌্যাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার আয়োজিত বিশেষ দরবারের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন ছিল গতকাল। সকালে স্বাধীনতা দিবস ও র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহিনীর পতাকা উত্তোলন করেন র‌্যাবের মহাপরিচালক। মতবিনিময়কালে সাম্প্রতিক সময়ে র‌্যাবের সদস্যদের বিরুদ্ধে ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ প্রসঙ্গে মহাপরিচালক বলেন, র‌্যাবের নিজস্ব তদন্ত সেল রয়েছে। কারোরই পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। সাম্প্রতিককালে যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধেও ডাকাতির মামলা হয়েছে। সবকিছু বিধিমোতাবেক চলছে।সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড প্রসঙ্গে মোখলেছুর রহমান বলেন, ‘সব মামলা একরকম নয়। মামলার তদন্তের জন্য সঠিক প্রমাণ প্রয়োজন। তাই এ মামলায় একটু সময় লাগছে। অতীতে কোনো মামলারই রহস্য অনুদ্ঘাটিত থাকেনি। এ মামলারও ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।’বিশেষ দরবারে মহাপরিচালক বলেন, অনেক সফলতার পরও কিছু দুর্বলতা ও নৈতিক স্খলনজনিত ঘটনা র‌্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয় এবং সহ্য করা হবে না। তিনি ব্যক্তিগত স্বার্থ ও প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে সবাইকে অপরাধ ও সন্ত্রাস দমনের জন্য অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালনের নির্দেশ দেন। তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, চরমপন্থী দমন, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাবের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মানবাধিকার রক্ষায় র‌্যাব সব সময়ই সচেষ্ট থাকে। অনুষ্ঠানে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মজিবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আফতাব উদ্দিন আহমেদ, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল, গোয়েন্দা শাখার পরিচালক জিয়াউল আহসানসহ সদর দপ্তরের বিভিন্ন উইংয়ের পরিচালক, ঢাকার ব্যাটালিয়নগুলোর অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।