নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি র্যাব-১১-এর দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা থেকে আড়াই ঘণ্টা তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউসে গতকাল সাত সদস্যের তদন্ত কমিটি র্যাব-১১-এর মেজর সুরুজ মিয়া ও ল্যান্স নায়েক আবদুর রাজ্জাকের সাক্ষ্য নেয়। সাক্ষ্য গ্রহণের সময় অনুপস্থিত ছিলেন র্যাবের অপর দুই সদস্য সিপাহি আলী আযম ও মেজর আরিফ হোসেনের গাড়িচালক নায়েক দেলোয়ার হোসেন।
জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা বলেন, সাত খুনের মামলার তদন্ত শেষ পর্যায়ে। শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। র্যাবের দুই সদস্য ঘটনা সম্পর্কে কী জানেন, অন্য সাক্ষীদের সম্পর্কে কী জানেন, সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
শাহজাহান আলী মোল্লা বলেন, অল্প সময়ের মধ্যে নোটিশ করার কারণেই র্যাবের অপর দুই সদস্য আসতে পারেননি।
সাতজনের অপহরণ ও খুনের ঘটনার প্রত্যক্ষদর্শীর সাক্ষী হিসেবে মেজর সুরুজ মিয়া ও ল্যান্স নায়েক আবদুর রাজ্জাক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে আলোচিত সাত খুনের মামলায় ১৫ জন কারাগারে আটক রয়েছেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়। চন্দন সরকারের হত্যা মামলায় একই থানায় আরেকটি মামলা হয়।
র্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং লে. কমান্ডার এম এম রানা আদালতে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।