২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় র্যাব-৩-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম সাক্ষ্য দিয়েছেন৷
গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন সাক্ষ্য গ্রহণ করেন৷ আজ মঙ্গলবার আসামিপক্ষের জেরার জন্য দিন ধার্য করা হয়েছে।
এ নিয়ে গতকাল পর্যন্ত এ মামলায় ৯০ জন সাক্ষ্য দিলেন৷
গতকাল সাক্ষ্যে র্যাব-৩-এর তৎকালীন অধিনায়ক রফিকুল ইসলাম বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্য ছিলেন তিনি। হামলার পর ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে গ্রেনেড উদ্ধার করা হয়। তদন্ত কমিটিকে তিনি ওই গ্রেনেডের উৎস সম্পর্কে অনুসন্ধান করার পরামর্শ দেন। এই সাক্ষী আরও বলেন, ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক হয়। এ ঘটনার সঙ্গে গ্রেনেড হামলার কোনো সম্পৃক্ততা আছে কি না, খতিয়ে দেখা প্রয়োজন বলে তদন্ত কমিটিকে অনুরোধ করেন তিনি। কিন্তু এতে কমিটি কোনো আগ্রহ দেখায়নি। এরপর তাঁকে র্যাব থেকে সরিয়ে দেওয়া হয়।