র্যাম্প মাতালো খুদে মডেলরা

হেলেদুলে র্যাম্পে হেঁটে এল ১০ খুদে মডেল। গোড়ায় এসে ফোকলা দাঁতের হাসি দিয়ে ছুঁড়ে দিল উড়ন্ত চুম্বন। মুহূর্তেই করতালি আর হর্ষধ্বনিতে মুখর মিলনায়তন। ‘হ্যালো, হ্যালো, হ্যালো মাই ফ্রেন্ড’ গানের সঙ্গে শিশুদের কিউ ছাপিয়ে যায় অন্য সব আয়োজনকে।
অনুষ্ঠানে এতক্ষণ পর্যন্ত দর্শকদের চোখে কোনো ক্লান্তি না থাকলেও হাত যেন ঠান্ডায় জমে গিয়েছিল। তাই বারবার সঞ্চালককে বলে বলে করতালি দেওয়াতে হচ্ছিল।
কিন্তু শিশুদের কিউতে এসে জমাট হাতে বিদ্যুৎ গতিতে সচল। তুমুল করতালি আর উল্লাসধ্বনিতে শিশুদের উৎসাহ দিলেন দর্শকেরা।
সুরের তালে শিশুদের ক্যাটওয়াকের ফাঁকে বদলে গেল গানের সুর। সেই সঙ্গে পাল্টাল ক্যাটওয়াকের ধরনও। পাশ্চাত্য ঢঙের এ নাচেও তারা ছিল সাবলীল। লাল জামা মাথায় টুপি পরিহিত এক শিশু র্যাম্পের গোড়ায় এসে এমন ভঙিতে দাঁড়াল যেন মডেলিংয়ে সে বেশ সিদ্ধহস্ত। এভাবেই গানের সঙ্গে শিশুরা প্রদর্শন করে ডিজাইনারদের পোশাক। চোখেমুখে রাজ্যের চঞ্চলতা আর দুষ্টুমি নিয়ে শিশুরা কখনো সাগরের ঢেউখেলালো আবার কখনো প্রজাপতি হয়ে পাখা মেলল। শেষ দিকে এসে আবার গানের বদল। এবার বজে উঠল ‘গুডবাই’ গানটি। সেই সঙ্গে সবার কাছ থেকে বিদায় নিল শিশুরা।
দর্শকদের দৃষ্টিতে এই পর্বটি চমৎকার। নামী মডেলদের পাশাপাশি শিশুরা কম যায়নি। মনোমুগ্ধকর এ ক্যাটওয়াকের কোরিওগ্রাফিতে ছিলেন অনন্য বড়ুয়া।