র‍্যাগিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়লেন দুই শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দুই শিক্ষার্থী র‍্যাগিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং ভূগোল ও পরিবেশ বিভাগে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার গভীর রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী (মূল ভবনে) হলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‌্যাগ দেওয়া হয়। এতে অনেকেই রাতে ঘুমাতে পারেননি। এরপর গতকাল সকালে ক্লাস করতে যান বাংলা বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা। বেলা ১১টার দিকে সেখানেও তাঁকে জ্যেষ্ঠ শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের কবলে পড়তে হয়। র‌্যাগিং চলাকালে একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পাঠানো হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে।

একইভাবে বেলা সাড়ে ১১টার দিকে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের কারণে অচেতন হয়ে পড়েন প্রথম বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক খান। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকেও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে প্রক্টর তপন কুমার সাহা বলেন, বাংলা বিভাগের শিক্ষার্থী র‌্যাগিংয়ের কারণেই অচেতন হয়ে পড়েছেন কি না, নিশ্চিত হওয়া যায়নি। আর ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী শারীরিকভাবে আগে থেকেই অসুস্থ ছিলেন বলে তাঁরা জানতে পেরেছেন। কোথাও র‌্যাগিংয়ের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আবাসিক হল ও বিভাগগুলোতে র‌্যাগিং প্রতিরোধে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে শিক্ষার্থীদের র‌্যাগিং থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আরও উল্লেখ করা হয়েছে, র‌্যাগিংয়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছাত্রছাত্রীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা অধ্যাদেশ অনুযায়ী আজীবন বহিষ্কারসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।