র‍্যাফল ড্র বন্ধে মুরাদনগরের ইউএনওকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর ডি আর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বাণিজ্য মেলায় র‍্যাফল ড্র বন্ধ করার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার আকবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা তাঁকে ওই নোটিশ দেন।

 কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য সৈয়দ তানভীর আহমেদ মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ওই নোটিশ দেন। এতে নোটিশ প্রাপ্তির পর মেলায় র‍্যাফল ড্র বন্ধ না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। আইনজীবী সৈয়দ তানভীর আহমেদ গতকাল দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

নোটিশে উল্লেখ করা হয়, ৫ জানুয়ারি থেকে বিদ্যালয় প্রাঙ্গণে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়। ১২ জানুয়ারি ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মেলা উপলক্ষে প্রতিদিন র‍্যাফল ড্রয়ের লাখ লাখ টাকার বাণিজ্য হয়। র‍্যাফল ড্রয়ের প্রতিটি টিকিট ২০ টাকা করে বিক্রি করা হয়। প্রতিদিন রাত নয়টায় মেলা প্রাঙ্গণে র‍্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এতে হতদরিদ্র থেকে শুরু করে সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ কুপন কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে গতকাল বিকেলে ইউএনও মোহাম্মদ রাসেলুল কাদেরের সরকারি মুঠোফোন নম্বরে ফোন করা হলে তা ধরেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদা আক্তার। তিনি বলেন, ‘স্যার ছুটিতে রয়েছেন। এখনো আমাদের হাতে নোটিশ আসেনি। এলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’