র‍্যাব চট্টগ্রামের সাবেক অধিনায়কসহ ৭ জনের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার তালসরা দরবার শরিফ থেকে ২ কোটি টাকা লুটের ঘটনায় করা মামলায় র‍্যাব-৭ চট্টগ্রামের সাবেক অধিনায়ক (বরখাস্ত) লে. কর্নেল জুলফিকার আলী মজুমদারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে আলোচিত এই মামলার বিচার শুরু হলো। গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরে আলম শুনানি শেষে ডাকাতির ঘটনায় করা এই মামলার বিচার শুরুর আদেশ দেন।

আসামিদের মধ্যে জুলফিকার আলী ছাড়াও র‍্যাবের আরও তিনজন সাবেক সদস্য রয়েছেন। তাঁরা হলেন র‍্যাব-৭ চট্টগ্রামের তৎকালীন সদস্য ফ্লাইট লেফটেন্যান্ট (বাধ্যতামূলক ছুটিতে) শেখ মাহমুদুল হাসান, র‍্যাবের উপসহকারী পরিচালক আবুল বশর, উপপরিদর্শক (এসআই) তরুণ কুমার বসু। এ ছাড়া র‍্যাবের তিন সোর্স দিদারুল আলম, মানব বড়ুয়া ও আনোয়ার মিয়া। এর মধ্যে আবুল বশর ও তরুণ কুমারকে পরে র‍্যাব থেকে বরখাস্ত করা হয়। গতকাল অভিযোগ গঠনের সময় সাতজনই আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা সবাই এখন জামিনে রয়েছেন।

২০১১ সালের ৪ নভেম্বর তালসরা দরবার শরিফ থেকে ২ কোটি ৭ হাজার টাকা লুট করার অভিযোগ ওঠে র‍্যাবের বিরুদ্ধে। এ নিয়ে ‘দরবারের ২ কোটি টাকা লুট’ শিরোনামে ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই বছরের ১৩ মার্চ লে. কর্নেল জুলফিকার আলীসহ ১২ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় ডাকাতির মামলা করেন দরবার শরিফের গাড়িচালক মোহাম্মদ ইদ্রিস।

২০১২ সালের ৩০ এপ্রিল জুলফিকার আলীকে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়। এর আগে তাঁকে র‍্যাব চট্টগ্রাম থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছিল। চাকরিচ্যুত হওয়ার পর আত্মগোপন করেন তিনি। এর আগে ওই বছরের ১৮ মার্চ টাকা লুটের ঘটনায় জুলফিকারকে জড়িয়ে চট্টগ্রাম আদালতে জবানবন্দি দেন মোহাম্মদ দিদার নামের র‍্যাবের এক সোর্স। এরপর ২০১২ সালের ৩ মে ঢাকার রমনা এলাকায় এক বন্ধুর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে আনোয়ারা থানার পুলিশ। পরের মাসে (২০১২ সালের ২১ জুন) উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

জুলফিকারকে এই মামলা থেকে বাদ দিতে
তদন্ত কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টার মামলাও বিচারাধীন রয়েছে চট্টগ্রাম আদালতে। ২০১৪ সালের মার্চ মাসে দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান এই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত ইদ্রিস আলী খানের ছেলে ইমরান আলী খান খসরু এবং একই জেলার আল হেলালকে (টগর মোল্লা) আসামি করা হয়। টগর জুলফিকারের শ্যালক।

দরবারের টাকা লুটের মামলায় জুলফিকার আলীসহ সাতজনকে আসামি করে ২০১২ সালের ২৮ জুলাই আনোয়ারা থানার পরিদর্শক আবদুস সালাম চট্টগ্রাম বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১২ সালের নভেম্বরে আসামিরা হাইকোর্ট থেকে এই মামলার কার্যক্রমে স্থগিতাদেশ নেন। প্রায় চার বছর পর ২০১৬ সালের আগস্ট মাসে উচ্চ আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার পর মামলাটি আবার সচল হয়। এরপর কয়েক দফা অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়।

চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত আগামী ২৩ অক্টোবর এই মামলায় সাক্ষ্য শুরুর পরবর্তী দিন ধার্য করেছেন। এর আগে অভিযোগ গঠনের পর আসামিদের তা পড়ে শোনান আদালত। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

টাকা লুটের সাড়ে পাঁচ বছর পর বিচার শুরু হওয়ায় মামলার বাদী ও তালসরা দরবার শরিফের গাড়িচালক মোহাম্মদ ইদ্রিস গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, আসামিদের এমন শাস্তি যেন হয়, যাতে ভবিষ্যতে রাষ্ট্রীয় কোনো বাহিনী এ ধরনের অপারাধ করার সাহস না পায়।