র‍্যাব থেকে প্রত্যাহার করে তিন কর্মকর্তাকে বাহিনীতে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবপাচারের অভিযোগে করা এক মামলার আসামিকে গ্রেপ্তারের চব্বিশ ঘণ্টার মধ্যে আদালতে হাজির না করায় র‍্যাব-৩ এর তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। 

মামলা বাতিল চেয়ে এক আসামির করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ওই তিন কর্মকর্তা হলেন মেজর ফাহিম আদনান সিদ্দিকী, এএসপি মো. আবদুর রকিব খান ও মামলার বাদী সিনিয়র ওয়ারেন্ট অফিসার ডিএডি দ্বিজেন্দ্র চন্দ্র দে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। কর্মকর্তাদের পক্ষে ছিলেন আইনজীবী এ এস এম আবদুল মুবিন।

ইউসুফ মাহমুদ মোর্শেদ প্রথম আলোকে বলেন, মানব পাচারের উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের সময় র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে গত ৭ জানুয়ারি তিনজনকে গ্রেপ্তার করে। পরে এই তিনজনকে নিয়ে অভিযান চালিয়ে ১৩ জানুয়ারি মো. রাশেদ খানসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে। তিনি বলেন, এরপর ২০ জানুয়ারি মানবপাচারের অভিযোগে গুলশান থানায় মামলা করা হয়। আটকের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করার বিধান থাকলেও এ ক্ষেত্রে তা অমান্য করা হয়েছে উল্লেখ করে রাশেদ মামলাটি বাতিল চেয়ে আবেদন করেন। শুনানিকালে বিষয়টি নজরে এলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে তিন কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেন। তাদের পক্ষে আইনজীবী বক্তব্য দাখিল করেন। তা না মঞ্জুর করে হাইকোর্ট ওই আদেশ দেন বলে জানান ইউসুফ মাহমুদ মোর্শেদ।