র‍্যাব বলেছে নাটের গুরু, পুলিশের মতে নির্দোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

*চট্টগ্রামে কোকেন জব্দের মামলায় দুই সংস্থার দুই রকমের তদন্ত প্রতিবেদন * আইনজীবীরা বলছেন, তদন্ত ত্রুটির এই সুবিধা পাবেন আসামিরা

দুই বাহিনীর তদন্তের ফল এতটাই বিপরীতমুখী যে সরকারি কৌঁসুলি ও জ্যেষ্ঠ আইনজীবীদের শঙ্কা, আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে যাবে। এমনকি ঝুলে যেতে পারে আলোচিত এই মামলাও। তাঁরা বলেন, চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে দেশি-বিদেশি চোরাচালান চক্র সক্রিয় কি না, সেটি এই মামলার বিচারের মাধ্যমে বেরিয়ে আসার সুযোগ ছিল। কিন্তু পুলিশ ও র‍্যাবের দুই রকম তদন্ত সে সুযোগকে নষ্ট করবে।

২০১৫ সালের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এরপর ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে ১টি ড্রামের নমুনায় তরল কোকেন শনাক্ত হয়। বলিভিয়া থেকে আসা চালানটির প্রতিটি ড্রামে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল ছিল। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত হয়।

কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় ২০১৫ সালের ২৭ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। মামলায় তেলের চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও তাঁর প্রতিষ্ঠানের কর্মকর্তা গোলাম মোস্তফাকে আসামি করা হয়। পরে আদালতের নির্দেশে চোরাচালানের অভিযোগে এই মামলায় বিশেষ ক্ষমতা আইনের ধারাও সংযোজন করা হয়। যে কারণে মাদক আইন ও চোরাচালান আইনে পৃথকভাবে তদন্ত করতে হয়।

গত দেড় মাসের ব্যবধানে চট্টগ্রাম আদালতে আলোচিত এই মামলায় মাদক ও চোরাচালান আইনের দুটি ধারায় পৃথক তদন্ত প্রতিবেদন (অভিযোগপত্র) দেয় র‍্যাব এবং গোয়েন্দা (ডিবি) পুলিশ। মাদক আইনে দেওয়া প্রতিবেদনে র‍্যাব বলেছে, চোরাচালানের ঘটনায় তেলের চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ জড়িত। অভিযোগপত্রে (সম্পূরক) তাঁকে এক নম্বর আসামি করেছে র‍্যাব। অপর দিকে ডিবির তদন্তে বলা হয়, নূর মোহাম্মদ চোরাচালানের সঙ্গে জড়িত নন। তিনি স্বনামধন্য ব্যবসায়ী। চোরাচালান আইনে দেওয়া অভিযোগপত্রে তাঁকে অব্যাহতি দিতে সুপারিশ করে ডিবি।

এর আগে মাদক আইনে দেওয়া প্রথম অভিযোগপত্রেও নূর মোহাম্মদকে আসামি করেনি ডিবি। তবে আদালত ডিবির দেওয়া অভিযোগপত্র গ্রহণ না করে র‍্যাবকে দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন। র‍্যাব চলতি বছরের ৩ এপ্রিল সম্পূরক অভিযোগপত্র দিলে আদালত তা গ্রহণ করেন। সর্বশেষ ১৪ মে ডিবি চোরাচালান মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়। এটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আজ আদালতে শুনানি হতে পারে।

র‍্যাব ও ডিবির দুই কর্মকর্তার তদন্তের ফলাফল ভিন্ন হওয়ায় গোটা তদন্তই প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করেন চট্টগ্রামের প্রবীণ আইনজীবী মো. আবদুস সাত্তার। তিনি প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তারা আদালতে জেরার সময় কোনো সদুত্তর দিতে পারবেন না। এতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা যাবে না। সাবেক এই সরকারি কৌঁসুলি বলেন, রাষ্ট্রপক্ষের প্রতি পরামর্শ থাকবে, মাদক আইনের অভিযোগপত্রের মতো চোরাচালান আইনের অভিযোগপত্রের বিরুদ্ধেও নারাজি দিয়ে তাঁরা যেন অধিকতর তদন্তের আবেদন করেন।

কোকেন জব্দ করার চার মাস পর ২০১৫ সালের নভেম্বর মাসে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান নূর মোহাম্মদকে বাদ দিয়ে আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এর প্রায় ১৬ মাস পর র‍্যাব-৭ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী চলতি বছরের ৩ এপ্রিল নূর মোহাম্মদসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র দেন। এতে বলা হয়েছে, নূর মোহাম্মদের প্ররোচনা ও যোগসাজশে বিদেশে অবস্থানরত পলাতক দুই আসামির মাধ্যমে তেলের আড়ালে আমদানিনিষিদ্ধ কোকেন অবৈধভাবে আমদানি করা হয়েছে। র‍্যাব নূর মোহাম্মদের ভাই ব্যবসায়ী মোস্তাক আহমেদকেও আসামি করেছে। তিনি খানজাহান আলী লিমিটেডের পরিচালক।

এদিকে ২২ মাস তদন্তের পর গত রোববার চোরাচালান আইনে ডিবির কর্মকর্তা মো. কামরুজ্জামান আদালতে চোরাচালান আইনে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। এবারও নূর মোহাম্মদকে আসামি করা হয়নি। তাঁর ভাইয়ের নামও আসামির তালিকায় নেই।

র‍্যাব ১০ জনকে আসামি করে (মাদক আইনে) সম্পূরক অভিযোগপত্র দেওয়ার পরও চোরাচালান আইনের অভিযোগপত্রে আসামি কেন ৮ জন, তা জানতে চাইলে তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় নূর মোহাম্মদকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। র‍্যাবের তদন্ত নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

 নূর মোহাম্মদের ছোট ভাই মো. ইয়াছিন প্রথম আলোর কাছে দাবি করেন, চালানটি আমদানির সঙ্গে তাঁর ভাই জড়িত নন। প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অন্য কেউ এটি এনেছে।

তবে র‍্যাবের তদন্ত কর্মকর্তা মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, নূর মোহাম্মদের জড়িত থাকার বিষয়ে তাঁদের কাছে সাক্ষ্য-প্রমাণ রয়েছে।

দুটি বাহিনীর দুই রকম তদন্ত নিয়ে চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, র‍্যাব ও ডিবির অভিযোগপত্র ভিন্ন হওয়ায় বিচারপ্রক্রিয়া সাংঘর্ষিক হবে। এর সুযোগ নেবে আসামিরা। এতে করে দেখা যাবে অপরাধই আর প্রমাণ করা যাচ্ছে না।