র‍্যাব ভেঙে দেওয়ার আহ্বান এইচআরডব্লিউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীতিগতভাবে যেকোনো ধরনের মৃত্যুদণ্ডের বিরোধী এইচআরডব্লিউ। সেই অবস্থান থেকে সাত খুন মামলায় ফাঁসির রায়ের বিরোধিতা করে তা কার্যকর না করতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে র‍্যাব সদস্যদের বিচারকে স্বাগত জানিয়ে তারা বলেছে, এটি সহিংসতা ও দায়মুক্তি রুখতে একটি ভালো পদক্ষেপ।

গত বৃহস্পতিবার এইচআরডব্লিউর দক্ষিণ এশিয়ার পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের প্রতিটি সরকারই র‍্যাবকে কেবল সন্ত্রাস মোকাবিলায় ব্যবহার করেনি, বরং ঘাতক বাহিনী (ডেথ স্কোয়াড) হিসেবে ব্যবহার করেছে। এতে করে এই বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা (ক্রসফায়ার), নির্যাতন ও গুমের ঘটনা বেড়েছে। বছরের পর বছর এসব অপরাধের জন্য তাদের কোনো সদস্যের বিচার হয়নি।

বিবৃতিতে বলা হয়, নারায়ণগঞ্জের এই ঘটনার জন্য কেবল র‍্যাব-১১-এর সাজাপ্রাপ্ত সদস্যরাই নন, এর জন্য সরকারও দায়ী। কেননা, তারাই র‍্যাবকে ‘দায়মুক্তি’ দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সম্প্রতি এ ধরনের বিভিন্ন গুমের ঘটনার সময় র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের ‘প্রশাসনের লোক’ বলে পরিচয় দেয়। এতে এটাই প্রমাণ করে, তারা রাষ্ট্রের হয়ে এসব কাজ করছে। সাম্প্রতিক কিছু নিখোঁজের পর অনেকেই মারা পড়ছে।

বিবৃতিতে বলা হয়, র‍্যাব পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত একটি বাহিনী। যদিও আনুষ্ঠানিকভাবে এই বাহিনীর নেতৃত্বে আছে বেসামরিক কর্তৃপক্ষ। কিন্তু র‍্যাবকে নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী।  আইন প্রয়োগকারীসংস্থার সঙ্গে তাদের সম্পৃক্ত রাখাঝুঁকিপূর্ণ।কিন্তু পুলিশেরও ক্ষমতার অপব্যবহারজনিত সমস্যা আছে। সাম্প্রতিক বছরগুলোতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরাও র‍্যাবের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছেন।

বিবৃতিতে মিনাক্ষী গাঙ্গুলি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, তখন তারা র‍্যাব ভেঙে দেওয়ার দাবি করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতা নেওয়ার আগে র‍্যাব পুনর্গঠনের কথা বলেছিলেন, কিন্তু তা এখনো হয়নি। সুতরাং র‍্যাব ভেঙে দেওয়ার এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল একটি বাহিনীকে এর স্থলাভিষিক্ত করার এখনই সঠিক সময়।

নারায়ণগঞ্জের দায় বাহিনীর নয়, ব্যক্তির

রংপুর থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা প্রসঙ্গে বলেছেন, এ ঘটনার দায় র‍্যাবের নয়, যাঁরা অপরাধ করেছেন তাঁদের। ব্যক্তির অপরাধের দায় কখনোই র‍্যাব গ্রহণ করতে পারে না।

গতকাল শুক্রবার রংপুর শহরের স্টেশন এলাকায় র‌্যাব-১৩-এর প্রধান কার্যালয়ে শীতার্ত ব্যক্তিদের মধ্যে র‌্যাবের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বেনজীর আহমেদ।

বেনজীর আহমেদ বলেন, ওই ঘটনার (সাত খুন) পর প্রত্যেককে র‍্যাব থেকে প্রত্যাহার করা হয়েছে।