র্যাব সদস্যের স্ত্রী খুনের মামলায় দুজনের মৃত্যুদণ্ড
গাজীপুরের টঙ্গীতে এক র্যা ব সদস্যের স্ত্রী হত্যার ঘটনায় দুজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত দুজনকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুজন হলেন পটুয়াখালী সদর উপজেলার সিকেওয়া বুনিয়া এলাকার মো. আবুল বাশার হাওলাদার (৩৩) ও তিওকাটা এলাকার হারুন ঘরামী ওরফে বাবুল (৪৬)। রায় ঘোষণার সময় বাশার আদালতে উপস্থিত ছিলেন। হারুন পলাতক।
আদালত সূত্র জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর থানার বাকসাখোলা এলাকার শেখ ওমর আলী র্যা ব-৪ সাভারের নবীনগর ক্যাম্পে কর্মরত ছিলেন। ২০১৪ সালের ৮ নভেম্বর দুপুরে কর্মস্থলে অবস্থানকালে তিনি খবর পান টঙ্গীর বড়দেওড়া খাঁপাড়া রোড এলাকার বাসায় তাঁর স্ত্রী সালমা সুলতানা ওরফে সাথী দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন। কর্মস্থল থেকে বাসায় ঢুকে সালমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। কিছুক্ষণের মধ্যে সালমার মৃত্যু হয়। এ ঘটনায় ওমর আলী অজ্ঞাতনামা দুজনকে আসামি করে টঙ্গী থানায় মামলা করেন।
গাজীপুরের সরকারি কৌঁসুলি (পিপি) হারিছ উদ্দিন আহম্মদ বলেন, ঘটনার দিন ওমর আলীর বাসায় ঘর ভাড়া নিতে গিয়েছিলেন মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই আসামি। এ সময় তাঁর স্ত্রীকে একা পেয়ে তাঁকে জিম্মি করে মূল্যবান সামগ্রী লুটের চেষ্টা করেন তাঁরা। তাঁদের বাঁধা দিলে তাঁরা সালমাকে খুন করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পাঁচজনের বিরুদ্ধে ২০১৫ সালের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল বিচারক রায়ে বাশার ও হারুনের মৃত্যুদণ্ড দেন। অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাসের আদেশ দেন।