নারায়ণগঞ্জে সাত খুন :সাত খুনের ঘটনায় নজরুলের শ্বশুরের সাক্ষ্য
র্যাবকে টাকা ও ফ্ল্যাট দিয়ে ঘটানো হয় অপহরণ-খুন
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান ও তাঁর (নজরুল) বন্ধু শাহজালাল মিয়া।
সাক্ষ্যে শহীদুল ইসলাম বলেন, কাউন্সিলর নূর হোসেন ওই অপহরণ ও খুনের মূল পরিকল্পনাকারী। তিনি টাকা ও ফ্ল্যাট দিয়ে র্যাবের কতিপয় কর্মকর্তাকে ভাড়া করে ওই ঘটনা ঘটিয়েছেন। এর আগে অপহরণ ও লাশ উদ্ধারের পরপরই শহীদুলই প্রথম অভিযোগ করেছিলেন, র্যাব নূর হোসেনের কাছ থেকে ছয় কোটি টাকা নিয়ে ভাড়াটে খুনি হিসেবে ওই ঘটনা ঘটিয়েছে।
শহীদুল ইসলামের ওই বক্তব্য দেশব্যাপী আলোচিত হয়। মূলত তাঁর অভিযোগ এবং পরে হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় র্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদসহ এর তিন কর্মকর্তাকে।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আনা হয় মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারিক সাঈদ, মেজর আরিফ হোসেন, এম এম রানাসহ আটক ২৩ আসামিকে। কার্যক্রম শুরুর পর আদালতে প্রথম সাক্ষ্য দেন শহীদুল ইসলাম। পরে সাক্ষ্য দেন শাহজালাল মিয়া। সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে দুইটা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলে।
সাক্ষ্যে শহীদুল ইসলাম বলেন, ‘২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে খবর পাই নজরুলসহ পাঁচজনকে র্যাব পরিচয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের স্টেডিয়ামের সামনে থেকে অপহরণ করা হয়েছে। খবর পেয়ে আমি, আমার মেয়ে নিহত নজরুলের স্ত্রী সেলিনা আক্তারসহ আমার আত্মীয়স্বজন ঘটনাস্থলে যাই। সেখানে বেশ কয়েকজন বালুশ্রমিক কাজ করছিলেন। তাঁদের কাছ থেকে জানতে পারি, একটি সাদা রঙের প্রাইভেট কার থেকে পাঁচজনকে নামিয়ে র্যাব তুলে নিয়ে গেছে। আসরের নামাজের সময় আমরা নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে গিয়ে ঘটনাটি স্থানীয় সাংসদ শামীম ওসমানকে জানাই।’
শহীদুল আরও বলেন, ‘পুরো ঘটনা শুনে এমপি সাহেব নজরুলকে জীবিত উদ্ধারের আশ্বাস দেন এবং বিভিন্ন স্থানে টেলিফোন করেন। ওই সময় নজরুলকে অপহরণের খবর শুনে সিদ্ধিরগঞ্জবাসী ঢাকা-চট্টগ্রাম সড়ক অবরোধ করে এবং শহরের পুরাতন কোর্টে অবস্থিত র্যাব-১১-এর অফিস ঘেরাও করে। তখন র্যাব-১১-এর অধিনায়ক তারেক সাঈদ এমপি সাহেবকে টেলিফোন করেন। এমপি সাব আমাদের বলেন, “আপনারা র্যাব অফিসে যান, সেখানে নজরুল আছে।” এ খবরে আমরা র্যাব-১১-এর প্রধান কার্যালয়ে রাত সাড়ে আটটার দিকে যাই। সেখানে তারেক সাঈদ আমাদের নাম, ঠিকানা ও পরিচয় জানতে চান। এরপর জানতে চান, র্যাব অফিস ঘেরাও করেছি কেন? আন্দোলন কিসের? আমরা বলি, নজরুলসহ পাঁচজন নিখোঁজ হয়ে গেছে। এ জন্য র্যাব কার্যালয় ঘেরাও দিয়েছি। তখন তারেক সাঈদ জানতে চান, নজরুলের সঙ্গে শামীম ওসমানের সম্পর্ক কেমন? আমি বলি, ভালো। ছাত্রজীবন থেকেই এমপি সাব তাকে গড়ে তুলেছেন। তখন তারেক সাঈদ বলেন, “এমপির সঙ্গে খারাপ সম্পর্ক, আর আইভীর সঙ্গে ভালো সম্পর্ক।” এরপর তিনি বলেন, “আমরা নজরুলকে অপহরণ করিনি। শামীম ওসমানের কাছে যাও। শামীম ওসমান অপহরণ করেছে।” তখন আমরা বললাম, এমপি সাব আপনার কাছে পাঠাইছে। ওই সময় আমিসহ আমার আত্মীয়স্বজন রিকোয়েস্ট করে বললাম, নজরুলকে ফেরত দেন। প্রাণভিক্ষা চাইলাম। এরপর তাঁর পা জড়িয়ে ধরে বললাম, নূর হোসেন তাঁকে মারার জন্য যত টাকা দিছে, তার ডাবল আমি দিমু। তারেক সাঈদ ঝাড়া দিয়ে পা ছাড়িয়ে বাইরে চলে যান।’
পিপি ওয়াজেদ আলী খোকন জানান, দুই সাক্ষীর সাক্ষ্য শেষে আসামির পক্ষের আইনজীবীরা এ দুই সাক্ষীকে জেরা করেন। অসুস্থতার কারণে শহীদুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম আদালতে আসতে পারেননি। এ অবস্থায় দুজনের সাক্ষ্য গ্রহণ শেষে ৪ এপ্রিল পুনরায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।
সাক্ষ্য দিয়ে বের হয়ে এসে নজরুলের শ্বশুর সাংবাদিকদের বলেন, ‘আমি যা সত্য, তা আদালতে বলেছি। র্যাব-১১ ভাড়াটিয়া খুনি হিসেবে কাজ করেছে। আমি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার নাম বলেছি। যারা লাশ পাহারা দিয়েছে, তাদেরও নাম বলেছি। আমরা আশা করছি, সবার সর্বোচ্চ সাজা হবে।’
বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, ‘সাক্ষীরা তাঁদের সাক্ষ্যে বলেছেন, নূর হোসেনের সঙ্গে নজরুলের বিরোধ ছিল। বিরোধের কারণে র্যাবের কর্মকর্তাদের টাকা ও ফ্ল্যাট দিয়ে ভাড়া করে হত্যাকাণ্ডটি সংঘটিত করা হয়েছে।’