চট্টগ্রাম বন্দরে তেলের চালানে কোকেন শনাক্তের মাদক মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ না করে র্যাবকে দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মো. রহমত আলী শুনানি শেষে এ আদেশ দেন।
গত ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এরপর ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত করা হয়। প্রতিটি ড্রামে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল রয়েছে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত করে।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নুর মোহাম্মদকে বাদ দেওয়া ও তদন্ত যথাযথভাবে না হওয়ায় আদালত নতুন করে তদন্তের নির্দেশ দেন। নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ না করে র্যাবকে দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন। আদেশে অতিরিক্ত পুলিশ সুপার পদের নিচে নয় এমন কোনো কর্মকর্তাকে দিয়ে তদন্ত করতে বলা হয়েছে।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান গত ১৯ নভেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত অভিযোগপত্র গ্রহণের শুনানির জন্য গতকাল দিন ধার্য রাখেন। গতকাল আদালত তদন্ত কর্মকর্তার কাছে এজাহারভুক্ত প্রধান আসামিকে বাদ দেওয়ার কারণ জানতে চান। এ সময় তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, তদন্তে নুর মোহাম্মদের বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁর নাম উঠে এলে তদন্তে সত্যতা না পাওয়ায় তাঁকে অব্যাহতির সুপারিশ করা হয় অভিযোগপত্রে।
শুনানির আগে এ অভিযোগপত্রের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে নারাজি আবেদন করা না হলেও দুই আসামি গোলাম মোস্তফা ও মেহেদি আলমের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ আদালতকে বলেন, দুই আসামি নুর মোহাম্মদের প্রতিষ্ঠানের কর্মকর্তা। অথচ চালানটি নুর মোহাম্মদের প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের নামে বন্দরে এসেছিল। নুর মোহাম্মদকে আসামি না করে দুই কর্মকর্তাকে আসামি করেছে পুলিশ। কিন্তু তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত নন।
কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় গত ২৭ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে আদালতের নির্দেশে চোরাচালানের অভিযোগে এই মামলায় বিশেষ ক্ষমতা আইনের ধারাও সংযোজন করা হয়। তবে বিশেষ ক্ষমতা আইনের ধারায় পৃথক অভিযোগপত্রটি এখনো দেয়নি ডিবি পুলিশ।
অভিযোগপত্রে জব্দ হওয়া কোকেনের চালানের গন্তব্য গোয়েন্দা পুলিশের (ডিবি) সাড়ে চার মাসের তদন্তে বের করা যায়নি। তেলের চালানে কোকেন শনাক্ত করার ঘটনায় লন্ডনপ্রবাসী দুই বাংলাদেশিসহ আটজনকে আসামি করা হয় অভিযোগপত্রে। এতে উল্লেখ করা হয়েছে, চালানটিতে ৩৭০ লিটার তরল কোকেন রয়েছে। সাক্ষী রাখা হয়েছে ৫৮ জনকে।