র‍্যাবের অভিযানকে গোপনীয়তার লঙ্ঘন বলল এইচআরডব্লিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ থেকে কথিত সমকামী ব্যক্তিদের আটকের ঘটনায় নিন্দা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এ ধরনের অভিযানের মাধ্যমে র‍্যাব ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছে সংগঠনটি।

১৮ মে কেরানীগঞ্জ এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে ২৮ জন তরুণকে সমকামী সন্দেহে আটক করে র‍্যাব। তাঁদের কাছ থেকে নেশাজাতীয় দ্রব্য, যৌন উত্তেজকসামগ্রী পাওয়া গেছে বলে র‍্যাব জানিয়েছিল।

নিউইয়র্কভিত্তিক এইচআরডব্লিউ গত বৃহস্পতিবার এক বিবৃতিতে অভিযোগ করেছে, এ ধরনের অভিযানের মাধ্যমে র‍্যাব তাদের ক্ষমতার অপব্যবহার করেছে। তারা দুর্বল সংখ্যালঘু গোষ্ঠী হিসেবে চিহ্নিত লোকদের গোপনীয়তার অধিকার লঙ্ঘন করেছে। এইচআরডব্লিউ বলছে, পুলিশ ওই আটক ব্যক্তিদের বিরুদ্ধে সমকামিতার অভিযোগে কোনো মামলা করেনি। কিন্তু র‍্যাব প্রকাশ্যে সমকামিতার অভিযোগ এনে তাঁদের হামলা এবং অপমানের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

এর আগে এই আটকের নিন্দা জানায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।