র‍্যাবের অভিযানে চার 'জেএমবি' সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুল হাসান,আশিকুল আকবর,নাজমুস সাকিব,শরিয়ত উল্লাহ
মাহমুদুল হাসান,আশিকুল আকবর,নাজমুস সাকিব,শরিয়ত উল্লাহ

গাজীপুরে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একটি আস্তানায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনটির দক্ষিণাঞ্চলীয় প্রধান মাহমুদুল হাসান তানভীরসহ চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার ভোরের এই অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানানো হয়।
তবে পরিবার ও এলাকার লোকজন ওই চার ব্যক্তিকে কিছুদিন আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার দাবি করেছে। এদিকে গুলশানে হামলার ভিডিও চিত্রে দেখা এক তরুণীকে নরসিংদী থেকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ জানান, গোপন খবরের ভিত্তিতে টঙ্গীর আউচপাড়া মোক্তারবাড়ি রোডের চারতলা একটি ভবনে জেএমবির একটি প্রশিক্ষণকেন্দ্রের সন্ধান পায় র‍্যাব-১। সে অনুযায়ী গতকাল ভোর চারটার দিকে সেখানে অভিযান চালানো হয়। ভবনের চারতলা থেকে জেএমবির দক্ষিণাঞ্চলীয় প্রধান মাহমুদুল হাসানসহ চার সদস্যকে আটক করা হয়। উদ্ধার করা হয় আটটি বোমা, বোমা তৈরির সরঞ্জাম, একটি বিদেশি পিস্তল, শতাধিক গুলি, কথিত জিহাদি বই ও ডেটোনেটর।
জেএমবির আটক অন্য সদস্যরা হলেন আশিকুল আকবর ওরফে আবেদ, নাজমুস সাকিব ও শরিয়ত উল্লাহ ওরফে শুভ। এঁরা গাজীপুরে কোনো নাশকতার পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে র‍্যাব।
গতকাল সন্ধ্যায় এই চারজনের ছবিসহ বিস্তারিত পরিচয় পাঠানো হয় র‍্যাবের পক্ষ থেকে। এরপর প্রথম আলোর পক্ষ থেকে এঁদের বাড়ি গিয়ে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জানা যায়।
যশোর প্রতিনিধি জানান, মাহমুদুল হাসান (২৭) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন। স্নাতকোত্তর শেষ করেন গত বছর।
মাহমুদুলের কয়েকজন সহপাঠী বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ুর রহমান হলের ২০২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন তিনি। তবে থাকতেন যশোর শহরের কাজীপাড়া কদমতলা এলাকায় বাসা ভাড়া করে। ২০২ নম্বর কক্ষে থাকা প্রাক্তন এক ছাত্র এ প্রতিবেদককে বলেন, নিজ বিভাগের কোনো ছাত্রের সঙ্গে মাহমুদুলের বন্ধুত্ব ছিল না। তবে অন্য বিভাগের দুজন ছোট ভাইয়ের সঙ্গে তিনি মিশতেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার বলেন, মাহমুদুল হাসান ঠান্ডা ছেলে হিসেবে পরিচিত। ক্যাম্পাসের আবাসিক হলে থাকার সুযোগ পেয়েও সে থাকেনি।

র‍্যাবের গোয়েন্দা সূত্রে জানা গেছে, মাহমুদুল দীর্ঘদিন ধরে জেএমবির সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার রশিদপুরে। বর্তমান ঠিকানা ঢাকার আশুলিয়ার সাধুপাড়া। র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ বলেন, মাহমুদুল নবম শ্রেণিতে পড়ার সময় জেএমবির সঙ্গে জড়িয়ে পড়েন। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে বাগেরহাটে কাজ করছিলেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, উল্লাপাড়া উপজেলার রশিদপুর গ্রামে গতকাল মাহমুদুল হাসানের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তাঁর এক আত্মীয়া বলেন, পাঁচ মাস আগে মাহমুদুলের এক বন্ধুকে নিয়ে গোয়েন্দা পুলিশের কয়েকজন সদস্য এ বাড়িতে এসিছেলেন। তখন থেকে তাঁর বাবা বাবুর আলী আত্মগোপনে আছেন। বাড়িতে তাঁর মা ও ছোট ভাই থাকতেন। তাঁরাও সন্ধ্যার দিকে বাড়ি ছেড়ে চলে গেছেন। মাহমুদুল সর্বশেষ এক বছর আগে বাড়ি এসেছিলেন।

গ্রেপ্তার হওয়া আশিকুল (২২) সম্পর্কে র‍্যাব জানায়, তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আশিকুলের এক বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। রংপুর শহরের কেরানীপাড়ার শাহজালাল রোডে তাঁদের বাড়ি।

রংপুর থেকে নিজস্ব প্রতিবেদক জানান, আশিকুলের বাবা মুক্তিযোদ্ধা খলিলুর রহমান গতকাল রাতে জানিয়েছেন, ঢাকার মিরপুরে একটি বিয়ের অনুষ্ঠান শেষে গত ২২ মে আশিকুল তাঁর মামা জেবু মিয়ার টঙ্গীর বাড়িতে যান। ওই দিন রাত তিনটার দিকে সাদাপোশাকে কয়েকজন অস্ত্রধারী তাঁকে ধরে নিয়ে যায়। সেই থেকে তাঁর আর খবর নেই। পরদিন খলিলুর রহমান জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও তাঁর সন্ধান না পাওয়ায় ১০ জুন অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে ওই থানায় একটি অপহরণ মামলা করেন।

আশিকুলের রংপুর শহরের কেরানীপাড়ার বাড়িতে গতকাল রাতে গিয়ে ছেলে সম্পর্কে জানতে চাইলে বাবা-মা দুজনই কান্নায় ভেঙে পড়েন। বাবা বলেন, ছেলেকে ফিরে পেতে তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে মন্ত্রীর কাছে গিয়েছিলেন। মা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ছেলে কোনো দিন আমাদের ছেড়ে বাইরে যায়নি। কেউ বলতে পারবে না যে সে খারাপ। ২০১০ সালে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ ও ২০১২ সালে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিও পায়। এইচএসসি পাসের পর রংপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়। বর্তমানে সেখানকার তৃতীয় বর্ষের শিক্ষার্থী।’

নাজমুস সাকিব (১৯) সম্পর্কে র‍্যাব জানায়, তাঁর বর্তমান ঠিকানা ঝিনাইদহের আড়পাড়া কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। গ্রামের বাড়ি উপজেলার সাটবাড়িয়ায়। বাবা স্থানীয় একটি সুগার মিলের কর্মচারী। মা উপজেলা জামায়াতের একজন রোকন। সাকিব ইংরেজি ও আরবি জানেন।

ঝিনাইদহ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাটবাড়িয়া গ্রামের সাকিবকে আট দিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে টঙ্গী থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বোনের বাড়িতে ছিলেন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ।

সাকিবের বড় ভাই রবিউল ইসলাম বলেন, তাঁর ছোট ভাই গত ঈদের পর ঢাকায় গেছেন। সেখানে ভগ্নিপতির একটি হজ ট্রাভেল এজেন্সি আছে। ১৪ জুলাই ভোরে বোনের বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁর ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁর দাবি, সাকিব কোনো খারাপ কাজে জড়িত থাকতে পারেন না।

সাটবাড়িয়া গ্রামের একাধিক ব্যক্তি জানান, সাকিবেরা তিন ভাই। সবাইকে ভালো বলেই তাঁরা জানেন।

শরিয়ত উল্লাহ (১৯) সম্পর্কে র‍্যাব জানায়, যশোর সরকারি এমএম কলেজের রসায়ন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবা যশোরের একটি কোল্ডস্টোরেজে চাকরি করেন। এক ভাই ও এক বোনের মধ্যে শরিয়ত ছোট। তাঁদের গ্রামের বাড়ি নড়াইলের শেখহাটি গ্রামে।

নড়াইল প্রতিনিধি জানান,শরিয়ত উল্লাহর বাবা শামছুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন রাতে ঘুমাতে যাবার সময় শরিয়ত আমাদের ফোন দিত। গত ২৯ জুন আমরা কয়েকবার চেষ্টা করে তার মুঠোফোনটি বন্ধ পাই। পরের দিন সকালে যশোর থানা, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ করি। কোথাও না পেয়ে সরকারি পলিটেকনিক কলেজের শিক্ষক শরিফুল ইসলামের বাসায় যাই। শরিফুল ইসলাম জানান, আগের দিন রাতে তাঁর সন্তানদের পড়ানোর পর দোতলা থেকে নিচে নামলে সাদাপোশাকধারী কয়েকজন ব্যক্তি প্রশাসনের লোক পরিচয়ে আমার ছেলেকে ধরে নিয়ে যায়।’

শরিফুল ইসলামও একই ধরনের তথ্য দিয়েছেন।

যশোর প্রতিনিধি জানান, শরিয়ত উল্লাহ ওরফে শুভ মাস খানেক আগে যশোর পুলিশ লাইন-সংলগ্ন কদমতলার একটি ছাত্রাবাসে ওঠেন। ছাত্রাবাসে পাঁচজন ছাত্র থাকতেন। এখন থাকেন দুজন। তাঁদের মধ্যে শরিয়তসহ তিনজনকে ১৫ দিন আগে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যান।

পাঠশালা নামে স্থানীয় একটি কোচিং সেন্টারের পরিচালক তৌহিদুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমরা শুনেছি, ঈদের দুই দিন আগে যশোর শহরের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে তুলে নিয়ে যায়। এর আগে ছাত্রাবাসের অপর দুজনকেও বাহিনীর লোকজন নিয়ে যায়।’

ছাত্রাবাসে থাকা দুজন এ প্রতিবেদককে জানান, শরিয়তকে আটকের কয়েক দিন আগে ছাত্রাবাস থেকে সাগর এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাশেদ গাজীকে (২২) সাদাপোশাকের লোকজন নিয়ে যান।

নরসিংদী প্রতিনিধি জানান, গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নরসিংদীর শিবপুর থেকে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার সাধারচর ইউনিয়নের চরকুপি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই তরুণী চরকুপি এলাকার তারু মিয়ার শ্যালিকা। তাঁর বাড়ি পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায় কলেজের পাশে। তবে তাঁর পরিবারের কারও পরিচয় পাওয়া যায়নি।

সাধারচর ইউনিয়নের চেয়ারম্যান মাছিউর গনি সরকার বলেন, ‘আমরা ধারণা করছি, মেয়েটি তাঁর বোনের বাড়ি চরকুপি এলাকায় আত্মগোপন করেছিলেন। তিনি আগে বিদেশে থাকতেন বলে জানতে পেরেছি। এর বেশি কিছু জানি না।’

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ভিডিও চিত্রে নাকি ওই তরুণীকে দেখা গেছে। তাই ঢাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দল তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের কোনো তথ্য দেওয়া হয়নি। কিংবা আমাদের সঙ্গে কেউ কোনো যোগাযোগও করেনি।’

চরমপন্থীদের কাছ থেকে অস্ত্র জোগাড় করছে জঙ্গিরা

কুষ্টিয়া প্রতিনিধি জানান, এ জেলার চরমপন্থী সংগঠনের কাছ থেকে অস্ত্রশস্ত্র ও গুলি জোগাড় করছে জঙ্গিরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া র‍্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১২-এর সিও শাহাবুদ্দিন খান এ তথ্য জানান। অস্ত্র-গুলি সংগ্রহ ও সরবরাহে জড়িত সন্দেহে গ্রেপ্তার একজন চরমপন্থী নেতা ও একজন জঙ্গি সদস্যকে এ সময় হাজির করা হয়।

সন্দেহভাজন ওই জঙ্গি কোন সংগঠনের সদস্য তা জানানো হয়নি। র‍্যাবের দাবি, এই সদস্য অস্ত্র সংগ্রহে একেক সময় একেক জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করেছেন। অস্ত্র সংগ্রহে আরও কয়েকজন জড়িত। তাঁদের ধরার চেষ্টা চলছে।