র্যাবের অভিযানের সময় ভবন থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানের সময় রাজধানীর শান্তিনগরের একটি ভবন থেকে পড়ে আহত যুবক কায়েস মোহাম্মদ বাবু (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার সকালে মারা গেছেন।
র্যাবের দাবি, কায়েস মাদক ব্যবসায়ী ছিলেন। তবে তিনি মাদক ব্যবসায়ী নন বলে দাবি করেন তাঁর মা।
র্যাব-৩-এর একটি সূত্র জানায়, মাদক বেচাকেনা হচ্ছে এমন খবরের ভিত্তিতে র্যাব-৩-এর একটি দল রোববার রাত পৌনে ১১টার দিকে শান্তিনগর মসজিদ মার্কেটে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কায়েস মার্কেটের দ্বিতীয় তলা থেকে পাইপ বেয়ে তৃতীয় তলায় ওঠার চেষ্টা করেন। কিছু দূর ওঠার পর তিনি হাত ফসকে একটি টিনশেড ঘরের ওপর পড়ে যান। তাঁকে দ্রুত উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মাথার ক্ষতস্থানে সেলাইসহ অন্য চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
র্যাব-৩-এর পরিচালক লে. কর্নেল খন্দকার গোলাম সরওয়ার বলেন, কায়েস মাদক ব্যবসা করতেন। র্যাব আহত কায়েসের কাছ থেকে সিগারেটের প্যাকেটভর্তি ৬৭টি ইয়াবা বড়ি উদ্ধার করে। তাঁর সহযোগী রমজানের কাছ থেকেও ৫ লাখ ১৫ হাজার টাকার চেক উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, এগুলো মাদক বেচাকেনার টাকার চেক। এর আগেও মাদকসহ কায়েস গ্রেপ্তার হয়েছিলেন।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে কায়েসের মা ফরিদা খাতুন প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁদের বাসা শান্তিনগরে। কায়েস শান্তিনগরে তার চাচার চশমার ফ্রেম বানানোর কারখানায় কাজ করত। সে নেশাগ্রস্ত ছিল। তবে মাদক ব্যবসা করত না। র্যাবের অভিযানের সময় কায়েস পাইপ বেয়ে ওপরে ওঠার সময় পড়ে যায়। চার ভাই এক বোনের মধ্যে সে তৃতীয় ছিল।