ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবাহীদের গাড়ি তাড়া করতে গিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৪) একটি গাড়ি খাদে পড়ে দুজন পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত আটটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পথচারীরা হলেন সদর উপজেলার উত্তর সুহিলপুর গ্রামের আলী মিয়ার ছেলে ইব্রাহিম (২০) ও একই গ্রামের ছনু মিয়ার ছেলে ইয়াছিন (১৮)। এ সময় আরও দুই পথচারী আহত হন। র্যাব একজন নিহত হওয়ার কথা জানালেও পুলিশ নাম-পরিচয়সহ দুজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও র্যাব সূত্রে জানা গেছে, গতকাল রাতে র্যাবের একটি দল কুমিল্লা-সিলেট মহাসড়কে মাদকবাহী একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করে। নন্দনপুর এলাকায় পৌঁছে র্যাবের গাড়িটি বাঁ পাশের খাদে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার সময় ওই গাড়ির তলায় চাপা পড়ে পথচারী ইব্রাহিম ও ইয়াছিন নিহত হন। আহত হন আরও তিনজন পথচারী।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কর্মকর্তা মেজর সোহেল আহমেদ বলেন, নাসিরনগর থেকে মাদকবাহী একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছে—এমন খবরে গাড়িটিকে র্যাবের দলটি ধাওয়া করে। বিষয়টি টের পেয়ে পিকআপ ভ্যানটি গতিপথ বদলে সরাইলের বিশ্বরোড থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দিকে মোড় নেয়। একপর্যায়ে নন্দনপুর এলাকায় পৌঁছালে ভ্যানটি র্যাবের গাড়িকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তখন র্যাবের গাড়িটি খাদে পড়ে যায়। এ সময় একজন পথচারী নিহত হন বলে জানান মেজর সোহেল।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) কামাল পাশা জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও দুজনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত সাইফুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে উন্নত
চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ বলেন, মাদকবাহী পিকআপ ভ্যানকে চালকসহ আশুগঞ্জের তালশহরের ধানশহর এলাকা থেকে আটক করা হয়েছে। পরে ওই গাড়ি থেকে গাঁজা জব্দ করা হয়।