র্যাবের গোয়েন্দা প্রধানকে সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হলো

সিলেটে বোমার আঘাতে গুরুতর আহত র্যা বের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে সিঙ্গাপুর থেকে গতকাল বুধবার রাতে ঢাকায় ফেরত আনা হয়েছে। বিমানবন্দর থেকে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
গত শনিবার সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে একটি জঙ্গি আস্তানার কাছে বোমা বিস্ফোরণে গুরুতর আহত আবুল কালাম আজাদ। মাথাসহ তাঁর সারা শরীরে স্প্লিন্টারের আঘাত লাগে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর কয়েক দফা অস্ত্রোপচারও করা হয়। সেখান থেকে তাঁকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় গত রোববার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তাঁকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।
র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকেরা আবুল কালাম আজাদকে দেশে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। সে কারণে তাঁকে ফেরত আনা হয়েছে। আবুল কালাম আজাদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রাত ৮টা ২০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থার ক্রমে অবনতি হচ্ছে।