র‍্যাবের জন্য আলাদা আইন করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাবে বিভিন্ন বাহিনী থেকে আসা সদস্যরা কোনো অপরাধ করলে অভিন্ন সাজার বিধান চালু করতে পৃথক আইন করার দাবি করেছে সংস্থাটি। তারা বলেছে, র‍্যাবের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ এলে শাস্তির প্রস্তাব করে নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠানোর পর কোনো বাহিনীর সদস্যরা আদালতে গিয়ে চাকরি ফেরত পান। আবার কারও আদালতে যাওয়ারই সুযোগ নেই। সে জন্য র‍্যাবের অধীনেই তাঁদের ‍চূড়ান্ত শাস্তির বিধান রেখে একটি আলাদা আইন করার দাবি জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার র‍্যাবের সার্বিক সমন্বয়-বিষয়ক এক সভায় এ দাবি জানানো হয়। স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে র‍্যাবে যে আটটি সংস্থা কাজ করে, তার প্রতিনিধি, পুলিশের অতিরিক্ত আইজি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকে র‍্যাবকে পুলিশ থেকে আলাদা করার প্রস্তাব, র‍্যাবের ভাতা বাড়ানো, অদক্ষ ও অপরাধী প্রত্যাহার করার বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

গত ২৯ অক্টোবর র‍্যাবের সার্বিক সমন্বয় বিষয়ে একটি কমিটি গঠন
করা হয়। ওই কমিটির সুপারিশ ও মতামত গতকালের বৈঠকে উত্থাপন ও আলোচিত হয়।

জানতে চাইলে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান বৈঠকের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, র‍্যাবের জন্য পৃথক আইনের বিষয়ে আরও আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, বিভিন্ন বাহিনী থেকে আসা র‍্যাবে কর্মরত সদস্যদের শাস্তি ভিন্ন রকম। এ ছাড়া র‍্যাবের অন্য দাবিগুলো পর্যালোচনা করা হচ্ছে। তবে র‍্যাবকে পুলিশ থেকে আলাদা করার দাবির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

একই বিষয়ে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, পৃথক আইন না থাকায় ফোর্সের মধ্যে মনোবল ভেঙে যাচ্ছে। দোষী সাব্যস্ত হলে কারও চাকরি চলে যাচ্ছে, কেউ বেতন পেয়ে সাময়িক বরখাস্ত হয়ে থাকেন বা তাঁর রিভিউ করার সুযোগ থাকে। কেউ কোনো অপরাধ করলে বাহিনীকে চিঠি লিখতে হবে, এরপর চিঠি চালাচালি সিদ্ধান্ত প্রক্রিয়ায় দেরি হয়। কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে মহাপরিচালককে ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘র‍্যাবকে পুলিশ থেকে আলাদা করে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসার প্রস্তাব আমরা অনেক দিন ধরেই করছি। একটি সমন্বিত বাহিনীকে অন্য একটি বাহিনীর অধীনে রাখা ঠিক নয়।’ তিনি বলেন, এসব দাবি পর্যালোচনা করে এ-সংক্রান্ত কমিটি মতামত দিয়েছে।

বৈঠকে র‍্যাবের ভাতা ৭০ শতাংশ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, বিগত বছরে পুলিশ ও আনসার সদস্যদের জন্য ৩০ শতাংশ ঝুঁকিভাতা এবং বিজিবির জন্য ৩০ শতাংশ সীমান্ত ভাতা দেওয়া হয়। কিন্তু র‍্যাবে এসে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা এসব ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বলেছেন, র‍্যাব ও পুলিশের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব কয়েক বছরে প্রকাশ্য হয়ে উঠেছে। র‍্যাবে যাঁদের পাঠানো হয়, তাঁদের অধিকাংশই প্রশিক্ষিত বা অভিজ্ঞ নন। র‍্যাবে যোগদানের পর দেশে এবং দেশের বাইরে গিয়ে অনেক সদস্যই বিশেষ প্রশিক্ষণ নিয়ে আসেন। কিন্তু কাজে যোগদানের পর এক-দেড় বছরের মধ্যেই তাঁরা বদলি হয়ে যান। ফলে তাঁদের কোনো সেবাই পায় না র‍্যাব।

প্রসঙ্গত, ৪৪ শতাংশ পুলিশ বাহিনী, ৪৪ শতাংশ সশস্ত্র বাহিনী, ৬ শতাংশ বিজিবি, ৪ শতাংশ আনসার ও ভিডিপি, ১ শতাংশ কোস্টগার্ড এবং সিভিল প্রশাসন থেকে ১ শতাংশ জনবল নিয়ে র‍্যাব গঠিত।