র‍্যাবের পর সোহাগীর স্বজনদের ডিবির জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃশংস হত্যাকাণ্ডের শিকার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহানের (তনু) মা, ভাই ও চাচাতো বোনকে তাঁদের বাসা থেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শনিবার বিকেলে ক্যান্টনমেন্ট বোর্ডের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের কুমিল্লা কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা এখনো সেখানেই আছেন।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শুক্রবার রাত ১২টার দিকে মুরাদনগর মির্জাপুরের বাসা থেকে মা, ভাই ও চাচাতো বোনকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১১) একটি দল নিয়ে যায়। আর গতকাল বিকেলের দিকে তনুর বাবা ইয়ার হোসেন ও তাঁর বড় ভাইকে ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তারা এসে নিয়ে যান।

প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তনুর চাচা আলাল হোসেন। তিনি বলেন, ‘আমার মেয়ে লাইজু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ে। সে তনুদের বাসাতেই থাকে। দুজন একই কক্ষে থাকত। এখন আমার মেয়ের জন্যও ভয় করছে।’

এ ব্যাপারে র‍্যাব-১১-এর অধিনায়ক খোরশেদ আলম বলেন, তনু হত্যাকাণ্ড সম্পর্কে কিছু তথ্য জানতে গতকাল রাত ১১টার দিকে তনুর মা ও আত্মীয়-স্বজনকে নিয়ে আসা হয়েছিল। পরে তাঁদের ক্যান্টনমেন্ট বোর্ডের বাসায় রেখে আসা হয়েছে।

মির্জাপুরে তনুদের প্রতিবেশী হুমায়ুন কবির বলেন, গতকাল গভীর রাতে র‍্যাব আসায় তনুর পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে প্রতিবেশীদের মধ্য থেকে দুজন তাঁদের সঙ্গে র‍্যাব অফিসে যায়। সারা রাত সেখানে অবস্থানের পর আজ সকালে তাঁরা ফিরে এসেছেন।