র‍্যাবের প্রস্তাবে এনবিআরের না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্যাট আদায়ে সহযোগিতার জন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) প্রস্তাবকে নাকচ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)। আজ বৃহস্পতিবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 

বোর্ডের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেনের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনবিআর সকল ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ করে এফবিসিসিআই ও অন্যান্য সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে অভিজ্ঞ জনবল ব্যবহার করে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় করতে চায়। প্রচলিত পদ্ধতিতেই সবার সক্রিয় সহযোগিতায় ভ্যাট আদায় কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে কোনো প্রকার সন্দেহ কিংবা সংশয়ের অবকাশ নেই।
গত ২৪ জানুয়ারি প্রথম আলোতে ‘ভ্যাট আদায়ে যুক্ত হতে চায় র‍্যাব’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ব্যবসায়ীরা র‍্যাবের এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন।
প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি উল্লেখ করে রাজস্ব বোর্ড তাদের পাঠানো বক্তব্য জানায়, ভ্যাট আদায়ের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডকে সহযোগিতা করার জন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আগ্রহ প্রকাশ করে একটি লিখিত প্রস্তাব পাঠায় এবং এ ক্ষেত্রে প্রচলিত ভ্রাম্যমাণ আদালত আইন সংশোধনের প্রস্তাবও দিয়েছে সংস্থাটি।
রাজস্ব বোর্ড জানায়, ২০১৫-২০১৬ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা এক লাখ ৭৬ হাজার তিন লাখ ৭১ টাকা। এ বৃহৎ লক্ষ্যমাত্রা অর্জন নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং বিষয়। এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এনবিআর সংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ অংশীজনদের কাছে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব ওই প্রস্তাব পাঠায়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের অভ্যন্তরীণ সম্পদের প্রায় ৮৫ শতাংশ সংগ্রহ করে এনবিআর। এ সংগ্রহ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল অংশীজনদের সুবিধার বিষয় সর্বোচ্চ বিবেচনায় রেখে নিরলসভাবে কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ রাজস্ব আদায়কারী সংস্থাটি।
বর্তমান আইনে এনবিআর ভ্যাট আদায় ও ভ্যাট ফাঁকির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ভ্যাট ফাঁকি রোধে ভ্যাট গোয়েন্দা ইউনিট কাজ করে। আর ভ্যাট আইনের ২৪ ধারায় বলা রয়েছে, চাইলে এনবিআর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে পারবে।

আরও পড়ুন: