র্যাবের ভূমিকা পুনর্বিবেচনার সময় এসেছে
বাংলাদেশে বিশ্লেষকেরা বলেছেন, নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনায় র্যাবের সাবেক তিনজন কর্মকর্তাসহ ১৬ জন সদস্যের মৃত্যুদণ্ড হওয়ায় বাহিনীটির ভূমিকা পুনর্বিবেচনার সময় এসেছে। তাঁরা মনে করেন, পুলিশের এই বিশেষ বাহিনী র্যাব তাদের দায়িত্ব থেকে সরে গেছে। নারায়ণগঞ্জের ঘটনা সেটাই প্রমাণ করেছে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তা মানতে রাজি নন। তিনি বলেছেন, কয়েকজন ব্যক্তির বিচ্যুতি পুরো বাহিনীর ওপর কোনো প্রভাব ফেলেনি।
তিন বছর আগে নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণের পর হত্যাকাণ্ডের ঘটনায় র্যাবেরই সাবেক কর্মকর্তা এবং সদস্য মিলিয়ে ১৬ জনের মৃত্যুদণ্ড হওয়ায় বাহিনীটির ভূমিকা আবারও আলোচনায় এসেছে।
মানবাধিকার সংগঠক সুলতানা কামাল বলেছেন, র্যাব তাদের মূল দায়িত্ব থেকে সরে যাওয়ায় এর সদস্যদের অনেকের ব্যক্তিগত স্বার্থের কারণেও অনেক বিচ্যুতির ঘটনা ঘটছে। তিনি বলেন, ‘র্যাব তাদের উদ্দেশ্যের প্রতি কখনোই একনিষ্ঠ থাকতে পারেনি। কারণ, শুরু থেকেই র্যাবকে অন্য কাজে ব্যবহার করা হয়েছে। আমরা বারবার উদ্বেগ প্রকাশ করেছি যে রাষ্ট্র তাদের দিয়ে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করাচ্ছে এবং হত্যাকাণ্ডগুলোর বৈধতা দিচ্ছে। ফলে কখনো না কখনো এরা নিজের স্বার্থে হত্যাকাণ্ড ঘটাবে। সেখানে তাদের নিষেধ করার কোনো অধিকার রাষ্ট্রের থাকবে না। নারায়ণগঞ্জের ঘটনায় এটা অত্যন্ত দৃষ্টিকটুভাবে ধরা পড়ে গেল।’ তিনি মনে করেন, র্যাবের ভূমিকা আসলে কী হবে, তা এখন ভাবার সময় হয়েছে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা বলেন, যখন জঙ্গি তৎপরতা বা সন্ত্রাস দমনে কোনো বাহিনী কাজ করে, সেখানে বিচ্যুতি ঘটতে পারে। সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সেটাই বড় বিষয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেছেন, র্যাব শক্ত অবস্থানে থেকেই সুনির্দিষ্ট দায়িত্ব পালন করছে। তিনি বলেন, ‘জঙ্গি তৎপরতা এবং সন্ত্রাস দমনে বা মাদকবিরোধী অভিযানে র্যাবের অনেক সুনাম এবং সফলতা রয়েছে। র্যাবের ওপর মানুষের আস্থা রয়েছে। কাজেই কেউ একটা অন্যায় করলেই বাহিনীটি বন্ধ করে দেব বা পুরো র্যাব কলঙ্কে জড়াল, এমন প্রশ্নই আসে না।’ র্যাবের ভূমিকা নতুন করে ভাবার যে প্রশ্ন এখন উঠেছে, তা নাকচ করে দিয়ে তিনি বলেন, র্যাব দায়িত্বের বাইরে কোনো কাজ করছে না।
র্যাবের একাধিক কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে বলেছেন, র্যাবের ওপর মানুষের আস্থা আছে বলে তাঁরা বিশ্বাস করেন। কিন্তু নারায়ণগঞ্জের ঘটনা তাঁদের ভাবমূর্তিতে কিছুটা নেতিবাচক প্রভাব ফেলেছে।