র‍্যাবের যুগপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) যুগপূর্তি উদ্‌যাপন। ২০০৪ সালের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণের মধ্য দিয়ে র‍্যাবের আত্মপ্রকাশ ঘটে। ওই বছরের ১৪ এপ্রিল রমনা বটমূলে ১ বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা বিধানের দায়িত্ব পালনের মাধ্যমে জনসম্মুখে আসে র‍্যাব।

ফোর্সটিতে বাংলাদেশ পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও সরকারের বেসামরিক প্রশাসনের বাছাই করা চৌকস কর্মকর্তাদের সমন্বয় ঘটানো হয়।

গতকাল শনিবার সকালে সদর দপ্তরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন শুরু হয়। এরপর র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদের বিশেষ দরবার শুরু হয়।

এ সময় র‍্যাবের মহাপরিচালক বলেন, র‍্যাব ফোর্সেস দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে ইতিমধ্যেই জনমানুষের অকুণ্ঠ আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। মাত্র ১২ বছরের ব্যবধানে র‍্যাবের এ অর্জন বিস্ময়কর। এ পর্যন্ত র‍্যাব ১ লাখ ৬৭ হাজার ৬৬ জনের অধিক সন্ত্রাসী, জঙ্গি, অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ীসহ নানা অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনে। তাদের কাছ থেকে ১২ হাজার ৪৮২টির অধিক দেশি-বিদেশি অস্ত্র, ১ লাখ ৮১ হাজার ৩৯৫টির অধিক গোলাবারুদ, ১৮ হাজার ৩৯২টির অধিক বোমা-গ্রেনেড-ককটেল ও ৫ হাজার ৪৬০ কেজি ৬৭৯ গ্রাম বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য উদ্ধারেও র‍্যাবের অব্যাহত অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে দাবি করে তিনি বলেন, এ পর্যন্ত র‍্যাব প্রায় ৪৬৯ কেজি ৪১৩ গ্রাম হেরোইন ও কোকেন, ২৮ লাখ ৩৭ হাজার ৯৯৮ বোতল ফেনসিডিল, ১ কোটি ২৭ রাখ ৩৫ হাজার ৫১২ পিসের অধিক ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ৬৬ হাজার ১৯৬ কেজি ৪২৮ গ্রাম গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।