র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত সরদার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১২) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুলাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন র‍্যাবের এক সদস্য। র‍্যাবের দাবি, নিহত দুলাল ডাকাত দলের সরদার ছিলেন।

গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার ঝাউল উড়ালসেতু এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি শুটারগান, একটি রামদা ও সাতটি গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত দুলাল বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ র‍্যাব-১২-এর কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পাশে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা র‍্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এ সময় র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুলাল গুলিবিদ্ধ হয়। পরে তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আকরামুজ্জামান বলেন, নিহত ব্যক্তির বুকের বাঁ পাশে গুলির আঘাত রয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ সদর ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন ও সাজ্জাদ হোসেন বলেন, নিহত দুলালের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর, বেলকুচি, বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও কামারখন্দ থানায় হত্যা, অপহরণ ও ডাকাতির অভিযোগে নয়টি মামলা রয়েছে। তিনি ডাকাত সরদার হিসেবে পরিচিত।

কামারখন্দ থানার ওসি বাবুল সরদার বলেন, এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে পরিদর্শক প্রদীপ কুমার সাহা বাদী হয়ে একটি মামলা করেছেন। লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।